চার জেলায় জাতীয় পত্রিকা যায়নি কাল
মহাসড়কে গাছ কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি ও অবরোধকারীদের বাধার মুখে গতকাল বৃহস্পতিবার নোয়াখালী, লক্ষ্মীপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় কোনো জাতীয় পত্রিকাবাহী গাড়ি পৌঁছাতে পারেনি।
মঙ্গলবার রাতে ফেনী-নোয়াখালী, কুমিল্লা-নোয়াখালী ও চাটখিল-রামগঞ্জ-লক্ষ্মীপুর সড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে রাখায় এবং গতকাল ভোররাত পর্যন্ত সেগুলো অপসারণ না করায় ঢাকা ও চট্টগ্রাম থেকে আসা সংবাদপত্রের গাড়িগুলো দাগনভূঞা ও লাকসাম থেকে ফিরে যায়। এ কারণে নোয়াখালী ও লক্ষ্মীপুরের পাঠকেরা গতকাল কোনো পত্রিকা পাননি।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, ফেনী-নোয়াখালী মহাসড়কসহ বিভিন্ন সড়কে ফেলে রাখা গাছগুলো অপসারণের কাজ শুরু হয়েছে।
প্রথম আলো পত্রিকাবাহী গাড়ির চালক বকুল হোসেন জানান, বগুড়া থেকে পত্রিকার গাড়ি নিয়ে পথে বিভিন্ন স্থানে নামিয়ে দিয়ে সকাল সাড়ে আটটায় তিনি দিনাজপুরে আসেন। এখানে পত্রিকা নামিয়ে দিয়ে তিনি হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পত্রিকা নামিয়ে দিয়ে দশমাইল মহাসড়ক দিয়ে ঠাকুরগাঁও যেতে পারেনি। বিশ্ববিদ্যালয় এলাকার পর থেকে বীরগঞ্জ উপজেলা পর্যন্ত মহাসড়কজুড়ে গাছ কেটে ফেলে রাখা হয়েছে। এরপর গাড়ি সেখান থেকে ফিরে দিনাজপুরে আসে। শহরের পশ্চিমে বোচাগঞ্জ সড়ক দিয়ে পীরগঞ্জ হয়ে ঠাকুরগাঁওয়ের দিকে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পুনর্ভবা নদীর ওপরে কাঞ্চন ব্রিজ পার হওয়ার পরই অবরোধকারীদের বাধার মুখে পড়ে গাড়িটি আবার দিনাজপুর শহরে ফিরে আসে। এর ফলে প্রথম আলোসহ কোনো জাতীয় পত্রিকার গাড়ি ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় যেতে পারেনি।
জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী প্রথম আলোকে বলেন, সড়ক-মহাসড়ক থেকে গাছসহ ব্যারিকেড সরাতে জেলা প্রশাসন পুলিশ, বিজিবি এবং সড়ক ও জনপথ বিভাগ বিশেষ উদ্যোগ নিয়েছে।