চার জেলায় জামায়াত-শিবিরের ভাঙচুর, পুলিশের সঙ্গে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে ডাকা হরতালের সমর্থনে গতকাল বুধবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ-মিছিল ও ভাঙচুর চালিয়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এসব ঘটনায় পুলিশ, সাংবাদিকসহ অন্তত ২৯ জন আহত হন। আটক করা হয় অন্তত পাঁচজনকে। ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক ও আঞ্চলিক কার্যালয়ের পাঠানো খবর:চাঁপাইনবাবগঞ্জ: হরতালের সমর্থনে শিবগঞ্জ উপজেলা সদরে বিকেল সোয়া পাঁচটার দিকে মিছিল বের করেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। মিছিল থেকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়া হয়। এ সময় বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষ শুরু হয়। এ সময় শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ১২ পুলিশ সদস্য আহত হন। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার সাজ্জাদুর রহমান জানান, সংঘর্ষে শিবগঞ্জ থানার ১২ জন পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুটি গুলি ও ৪৭টি রাবার বুলেট ছোড়ে এবং বেশ কিছু কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি খন্দকার গোলাম মর্ত্তুজা জানান, জামায়াত-শিবিরের মিছিল থেকে ছোড়া ইটে পুলিশের দুই সদস্য আহত হন। রাজশাহী: রাজশাহী নগরের শিরোইল এলাকার স্টেশন কলোনি থেকে গতকাল বিকেলে মিছিল বের করে জামায়াত-শিবির। এ সময় এলাকাবাসী তাদের ধাওয়া করলে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ এসে এলাকাবাসীর সঙ্গে যোগ দেয়। পুলিশ কমপক্ষে ৫০টি রাবার বুলেট ছোড়ে ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। একপর্যায়ে জামায়াত-শিবিরের তিন কর্মীকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। সংঘর্ষে প্রথম আলোর রাজশাহীর আলোকচিত্রী শহীদুল ইসলামসহ অন্তত ১৫ জন আহত হন। পরে নগরের ভদ্রা মোড়ে একটি ট্রাক ভাঙচুর করে হরতাল সমর্থনকারীরা।চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় গতকাল সন্ধ্যায় হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করে জামায়াত-শিবির। তারা একটি টেম্পোতে এবং সড়কে টায়ারে আগুন দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন যুবক সিরাজদ্দৌলা সড়কে ‘হরতাল হরতাল’ বলে স্লোগান দিতে দিতে একটি টেম্পোতে আগুন দেন। এরপর সড়কে একটি টায়ারে আগুন দিয়ে দ্রুত সটকে পড়েন। কোতোয়ালি থানার ওসি এ কে এম মহিউদ্দিন বলেন, ঘটনাস্থলে এক প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে। বগুড়া: বগুড়া শহরে গতকাল সন্ধ্যায় ঝটিকা মিছিল বের করেছে জামায়াত-শিবির। এ সময় তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং চার থেকে পাঁচটি গাড়ি ভাঙচুর করে। পুলিশ জামায়াতের বগুড়া শহর শাখার আমির আলমগীর হোসাইন ও বগুড়া পৌর কাউন্সিলর ও ২১ নং ওয়ার্ডের জামায়াতের সভাপতি রুহুল কুদ্দুসকে গ্রেপ্তার করেছে।