চার জেলায় জামায়াত শিবিরের ১১ জন গ্রেপ্তার
শেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, ঝিনাইদহের কোট চাঁদপুর ও মহেশপুর এবং টাঙ্গাইলের মির্জাপুর থেকে জামায়াত-শিবিরের ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: শেরপুর: জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মামলার রায় সামনে রেখে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে শেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল শুক্রবার ভোরে মাদ্রাসার এক শিক্ষকসহ পাঁচ জামায়াত কর্মীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত নেতা-কর্মীরা হলেন শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নূরুল আমিন (৬০), শেরপুরের শ্রীবরদী উপজেলার মাটিয়াকুড়া গ্রামের মো. নূরল আলম (২৬) ও মো. নূরুল ইসলাম (২১), শেরপুর সদরের কান্দা শেরিরচর গ্রামের মো. রেজাউল করিম (৩৬) এবং জামালপুরের মেলান্দহ উপজেলার মো. খায়রুল ইসলাম (২০)। গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের গতকাল সন্ধ্যায় শেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। শেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের বিরুদ্ধে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মিঠু মিয়া শেরপুর সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেছেন। পুলিশের প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। উল্লেখ্য, জামায়াতের জ্যেষ্ঠ সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের বাড়ি শেরপুর জেলা সদরের বাজিতখিলা ইউনিয়নের কুমরি মুদিপাড়া গ্রামে। চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা জামায়াতের আমির গোলাম কবীর গোলাপকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ভোলাহাটে পুলিশের ওপর হামলা ও যুবলীগের কর্মী আবদুর রহমান হত্যাসহ ছয়টি মামলার আসামি। ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেলা সাড়ে ১১টার দিকে গোমস্তাপুর উপজেলার রহনপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ভোলাহাট থানায় ছয়টি মামলা রয়েছে। সব কটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঝিনাইদহ: ঝিনাইদহে পুলিশের বেশ কয়েকটি দল জেলার কোট চাঁদপুর ও মহেশপুর উপজেলায় গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের চার কর্মীকে গ্রেপ্তার করেছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান এ কথা জানান। হাসানুজ্জামান বলেন, রাতে অভিযানকালে কোট চাঁদপুর থেকে মিজানুর রহমান ও সিদ্দিকুর রহমান নামের জামায়াতের দুই কর্মীকে এবং মহেশপুর থেকে জামায়াতের কর্মী শহিদুল ইসলাম ও শিবিরের সাথি মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙচুর, বইমেলায় হামলা, পুলিশের কাজে বাধাদান ও হামলা করে আহত করার মতো কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে। মির্জাপুর: টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবুল কাশেম মৃধাকে (২৮) গ্রেপ্তার করেছে। গতকাল ভোরে উপজেলা সদরের বংশাই রোডের রেলক্রসিং এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামে। মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল কুমার দত্ত বলেন, আপত্তিকর পোস্টার সাঁটানোর সময় তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।