চার জেলায় জামায়াতের ২৯ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও জড়িত থাকার অভিযোগে দিনাজপুর, রাজশাহী, ঝালকাঠি ও জামালপুরে জামায়াত-শিবিরের ২৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাত ও গতকাল শনিবার অভিযান চালিয়ে পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা তাঁদের গ্রেপ্তার করেন। ঢাকার বাইরে আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: দিনাজপুর: সদর, বিরামপুর, নবাবগঞ্জ ও ফুলবাড়ী উপজেলায় গত শুক্রবার রাত ও গতকাল পুলিশ ও র‌্যাব অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের নয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জামায়াতের দিনাজপুর সদর উপজেলা শাখার রুকন ইউসুফ আলী ও আবদুল খালেক, বিরামপুর থানা সেক্রেটারি আমজাদ হোসাইন, সাবেক শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি মেহেদী হাসান চৌধুরী, নবাবগঞ্জ ছাত্রশিবিরের সভাপতি সেলিম রেজা ও কর্মী আবু তাহের, জামায়াতের ফুলবাড়ী উপজেলা শাখার সাবেক আমির আবদুল বাতেন সরকার, বড়পুকুরিয়া উপজেলা শাখার রুকন আবদুল মজিদ ও জামায়াতের নেতা হাকিম মো. হোসেন। দিনাজপুর সদর, বিরামপুর, নবাবগঞ্জ ও ফুলবাড়ী থানার সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও জড়িত থাকার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী: একই অভিযোগে শুক্রবার রাতে নগরের বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবিরের ১২ জন নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জামায়াত নেতা আবুল কালাম আজাদ, রাজশাহী মহানগর শিবিরের সেক্রেটারি আনিছুর রহমান ও রাজশাহী পশ্চিম জেলার সেক্রেটারি আবদুল কাদির। গ্রেপ্তার হওয়া শিবিরকর্মীরা হলেন বাগমারার বাবুল হোসেন, গোদাগাড়ীর সুরমান আলী, নওগাঁর মান্দার আবদুল মালেক, নগরের সুজানগরের রাসেদুল, বুধপাড়া এলাকার জহুরুল ইসলাম, সাজ্জাদ হোসেন, বাদশা মিয়া, আবুল কালাম আজাদ ও আবতাব হোসেন। ঝালকাঠি: শুক্রবার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছাত্রশিবিরের সভাপতি আবু তালহা ও সেক্রেটারি আবদুল্লাহ আল মামুনসহ সংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার অন্য দুই নেতা হলেন শহর শাখার সাংগঠনিক সম্পাদক আবু জাফর সালেহ ও ঝালকাঠি সরকারি কলেজ শাখার সভাপতি মো. নূরুজ্জামান। ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।জামালপুর: শহরের বিভিন্ন স্থানে শনিবার ভোরে অভিযান চালিয়ে আবদুর রাজ্জাক, ফরিদ, সাজেদুল ইসলাম ও মুরাদ হোসেন নামের চার শিবিরকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে।