চার জেলায় ডাকাতি হামলায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার, সিরাজগঞ্জের উল্লাপাড়া, মৌলভীবাজারের কুলাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গত বুধবার রাতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতের হামলায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। একই রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভায় একটি মন্দিরে চুরি হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:নবাবগঞ্জ (ঢাকা): পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত তিনটার দিকে মুখোশ পরিহিত ২০ থেকে ২৫ জন ডাকাত দোহার উপজেলার চরকুসুমহাটি গ্রামে আইনজীবী বনি আমীন শিকদারের বাসায় হানা দেয়। তারা অস্ত্রের মুখে বাড়ির লোকদের জিম্মি করে পাঁচ লাখ টাকা ও ১০০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুট করে। এ সময় বাধা দেওয়ায় ডাকাতেরা বাড়ির শিরোতাজ বেগম (৩২) ও আইভি ইকবালকে (৩৬) কুপিয়ে জখম করে পালিয়ে যায়।উল্লাপাড়া (সিরাজগঞ্জ): উপজেলার চালা গ্রামে বুধবার রাতে পাঁচ-ছয়জন ডাকাত ঘরে ঢুকে তফিজ উদ্দিনকে (২৫) চায়নিজ কুড়াল দিয়ে কুপিয়ে লক্ষাধিক টাকা ও দুটি মোবাইল ফোনসেট লুটে নেয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তফিজ উদ্দিন মারা যান। তিনি গ্রামের মকবুল হোসেনের ছেলে ও কুমুদিনী ফার্মাসিউটিক্যালস কোম্পানির স্থানীয় প্রতিনিধি। ঘটনার সময় বাধা দেওয়ায় ডাকাতেরা তাঁর ছোট ভাই ইয়ামিনকে পিটিয়ে আহত করে পালিয়ে যায়।গতকাল বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য তফিজের লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ দুটি ককটেল উদ্ধার করেছে।জুড়ী (মৌলভীবাজার): বুধবার রাতে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের চান্দগাঁও গ্রামের দীপক রঞ্জন মল্লিকের বাড়িতে ‘পুলিশের লোক’ পরিচয় দিয়ে ডাকাতেরা হামলা চালায়। গৃহকর্তা দীপকের ভাষ্যমতে, রাত আড়াইটার দিকে ‘পুলিশের লোক’ পরিচয় দিয়ে কয়েকজন ডাকাডাকি করে। এ সময় তাঁর মা প্রণতি মল্লিক (৬০) ঘরের দরজা খুলে দেন। এ সুযোগে চার-পাঁচজন ডাকাত ঘরে ঢুকেই অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে আলমারি ভেঙে পাঁচ ভরি স্বর্ণালংকার, ৪০ হাজার টাকা ও দুটি মুঠোফোনের সেট লুট করে পালিয়ে যায়।মাধবপুর (হবিগঞ্জ): উপজেলার আন্দিউড়া ইউনিয়নের আন্দিউড়া গ্রামে বুধবার রাতে মুখোশধারী ১৪ থেকে ১৫ জন ডাকাত সৌদিপ্রবাসী শেখ নোয়াব মিয়ার বাড়িতে হামলা চালায়। তারা দরজা ভেঙে ঘরে ঢুকে লোকজনকে মারধর করে কয়েক ভরি স্বর্ণালংকারসহ টাকা ও বিভিন্ন মালামাল লুটে নেয়। শেখ নোয়াব মিয়ার ভাই মাহফুজ মিয়া জানান, তাঁদের ছয় ভাইয়ের মধ্যে পাঁচ ভাই সৌদি আরবে থাকেন। সীতাকুণ্ড (চট্টগ্রাম): সীতাকুণ্ড পৌরসভার পশ্চিম আমিরাবাদ শ্রীশ্রী কালীমন্দিরে বুধবার রাতে চুরির ঘটনা ঘটেছে। মন্দির কমিটির সাধারণ সম্পাদক শিবু মিত্র জানান, বৃহস্পতিবার সকালে মন্দিরের গেট খুলতে গিয়ে গেটের গ্রিল এবং প্রধান মন্দিরের তালা ভাঙা দেখা যায়। ডাকাতেরা কালীমূর্তির শরীরে থাকা তিন ভরি স্বর্ণের চেইন, স্বর্ণের বালা ও অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে গেছে। রাতে মন্দিরে কেউ থাকে না।