চার জেলায় তিন নারীসহ পাঁচজন খুন
নরসিংদীতে দুটি স্থান থেকে গতকাল শনিবার দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই দুই নারীকে খুন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে৷ এ ছাড়া সুনামগঞ্জে এক নারী, কিশোরগঞ্জে এক রিকশাচালক ও ময়মনসিংহে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এক সদস্য খুন হয়েছেন৷
এলাকাবাসী ও পুলিশ সূত্রের বরাত দিয়ে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিিধদের পাঠানো খবর:
নরসিংদী: শহরের বাসাইল এলাকায় পদচারী-সেতুর ঢালে সকালে অজ্ঞাতনামা এক তরুণীর (২৪) লাশ দেখতে পান এলাকাবাসী। তাঁরা বিষয়টি পুলিশকে জানান৷ পুলিশ লাশ উদ্ধার করে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম কাসেম জানান, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে শ্বাসরোধ করে হত্যা করেছে৷
এ ছাড়া জেলার রায়পুরা উপজেলার লক্ষ্মীপুর এলাকায় সকালে এক কৃষক মাঠে কাজ করার সময় বিবস্ত্র অবস্থায় অজ্ঞাতনামা এক কিশোরীর (১৬) লাশ দেখতে পান৷ পরে বিষয়টি পুলিশকে জানানো হয়৷ পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রায়পুরা থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, লাশের সুরতহাল দেখে মনে হচ্ছে, দুষ্কৃতকারীরা ওই কিশোরীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেছে৷
সুনামগঞ্জ: গত শুক্রবার রাতে জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের আটঘর নোয়াবাড়ি গ্রামের নিজ বাড়ির নিচতলায় শাহেদা খানম (৫৫) একিট কক্ষে ঘুমিয়ে পড়েন৷ সকালে অনেক বেলা হলেও তিনি ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকজন খোঁজ করেন। ডাকাডাকির পরও তিনি ঘরের দরজা না খোলায় গ্রিলের তালা খুলে দেখেন, বিছানায় তাঁর লাশ পড়ে আছে। ঘরের পেছনের ঘুলঘুলি ভেঙে কে বা কারা ওই নারীকে হত্যা করে চলে গেছে। ওই নারীর দুই ছেলে ও দুই মেয়ে যুক্তরাজ্যপ্রবাসী। বাড়ির লোকজনের ধারণা, চুরি করে মালামাল নিয়ে যাওয়ার সময় হয়তো ঘুম থেকে শাহেদা জেগে ওঠেন। এ পর্যায় তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়। জগন্নাথপুর থানার পরিদর্শক (তদন্ত) খান মোহাম্মদ মাইনুল জাকির জানান, ওই নারীর লাশ উদ্ধার করা হয়েছে৷
ভৈরব (কিশোরগঞ্জ): জেলার কুলিয়ারচরের ছয়সূতী ইউনিয়নের নাসিরাকান্দা গ্রামের খোকন মিয়া (৪০) রিকশা চালাতেন৷ শুক্রবার সন্ধ্যায় রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে রাতে আর তিনি বাড়ি ফেরেননি৷ সকালে ছয়সূতী ইউনিয়নের কবরস্থানের কাছে খোকনের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে৷
খোকনের ছোট ভাইয়ের স্ত্রী পারভীন বেগম বলেন, ‘প্রতিবেশী মেরাজ মিয়ার সঙ্গে খোকনের জমি নিয়ে বিরোধ ছিল। আমাদের ধারণা, ওই বিরোধের শিকার হতে পারেন খোকন।’ তবে মেরাজ বলেন, ‘জমি নিয়ে বিরোধ আছে ঠিকই। কিন্তু খোকনের খুনে আমার পরিবারের কেউ জড়িত নন।’
কুলিয়ারচর থানার উপপরিদর্শক (এসআই) শাহ্ মো. আহাদ জানান, খোকনকে হত্যা করা হয়েছে।
ময়মনসিংহ: জেলার হালুয়াঘাটের শাকনাইট চাতুলিয়া গ্রামে একটি নলকূপের দখল নিয়ে গতকাল সকাল নয়টার দিকে শাকুয়াই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সাইফুজ্জামানের (৫৫) সঙ্গে একই গ্রামের জালাল উদ্দিন, খসরু মিয়া ও শামসুল ইসলামের কথা-কাটাকাটি হয়৷ পরে তাঁদের মধ্যে হাতাহাতি শুরু হয়৷ একপর্যায়ে তাঁরা সাইফুজ্জামানকে বল্লম দিয়ে আঘাত করেন৷ ঘটনাস্থলেই সাইফুজ্জামানের মৃত্যু হয়। এ ঘটনায় খসরুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হালুয়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) ইমারত হোসেন গাজী জানান, পূর্বশত্রুতার জের ধরে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে৷ লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে৷ এ ঘটনায় মামলা হয়েছে৷