কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ ও নেত্রকোনায় গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ী ও এক শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেরচান্দিনার মাধাইয়া এলাকায় গতকাল সকাল সাতটার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকচালকের সহকারী মো. মাসুম (২২) নিহত হন। তিনি দাউদকান্দির গৌরীপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে। বেলা দেড়টার দিকে চান্দিনা মৎস্য খামারের সামনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস সাইকেল আরোহী এক শিশুকে বাঁচাতে গিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এতে অজ্ঞাতপরিচয় ওই শিশু (১২) ঘটনাস্থলেই নিহত ও বাসের অন্তত ১০ যাত্রী আহত হন। এ ছাড়া দুপুর ১২টার দিকে আদর্শ সদর উপজেলার ময়নামতি সেনানিবাস-সংলগ্ন নিশ্চিন্তপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস একটি গরুবাহী ট্রাককে ধাক্কা দেয়। এতে এক গরু ব্যবসায়ী (৪৫) নিহত হয়েছেন। তাঁর পরিচয় জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া: বিজয়নগরের বুধন্তি ইউনিয়নের কেনা গ্রাম থেকে সাজু বেগম (৭৫) গতকাল তাঁর স্বামীর বাড়ি একই ইউনিয়নের বারঘরিয়া যাচ্ছিলেন। পথে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগরের বীরপাশা এলাকা পারাপার হওয়ার সময় সিলেটগামী একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নান্দাইল (ময়মনসিংহ): নান্দাইল পৌর শহরের বিজয় ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) ডিলার তপন চন্দ্র সাহা (৫৫) গত মঙ্গলবার দুপুরে একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে স্ত্রীকে নিয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের কলতাপাড়া এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি তিন চাকার অটোরিকশা তাঁর অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে তপন সাহা গুরুতর আহত হন। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা নেওয়ার পথে রাত সাড়ে আটটার দিকে তিনি মারা যান।
নেত্রকোনা: নেত্রকোনা-আটপাড়া সড়কের সুতারপুর এলাকায় গত মঙ্গলবার রাত আটটার দিকে রাস্তা পার হচ্ছিলেন জাহের আলী (৮০) নামের এক ব্যক্তি। এ সময় আটপাড়া থেকে নেত্রকোনাগামী একটি পিকআপ ভ্যান তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। পুলিশ পিকআপ ভ্যানটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছেন। জাহের আলীর বাড়ি আটপাড়ার স্বরমুশিয়া ইউনিয়নের রূপচন্দ্রপুর গ্রামে। আটপাড়া থানার ওসি ফারুক আহমেদ জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।