চার জেলায় দুজন খুন চারজনের আত্মহত্যা!
মুন্সিগঞ্জে বোনের প্রেমিক ও তাঁর সহযোগীদের হাতে খুন হয়েছেন রানা মিজি (২০) নামের এক যুবক। এ ঘটনায় পুলিশ স্মরণ (২০) ও আওলাদ (২২) নামের দুজনকে আটক করেছে। এ ছাড়া জেলার সদর উপজেলার মালির পাথর গ্রামে আসমা (২৩) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এদিকে পারিবারিক কলহের জের ধরে মানিকগঞ্জে খুশি বেগম (৪৫) এবং স্বামীর সঙ্গে কলহের জেরে গাজীপুরের টঙ্গীর পাগার এলাকায় শারমিন সুলতানা (২৭) নামের আরও দুই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। শারমিনের স্বামী শাহ আলমকে আটক করেছে পুলিশ। ঢাকার দোহারে স্ত্রী রুমাকে হত্যার পর স্বামী সজল আত্মহত্যা করেছেন বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:মুন্সিগঞ্জ: স্থানীয় সূত্রের বরাত দিয়ে মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) খালিদ জানান, নির্মাণশ্রমিক রানা মিজির বোনের সঙ্গে বাঘাইকান্দি গ্রামের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে বেশ কিছুদিন আগে রানা মিজি ও ওই যুবকের ঝগড়া হয়। এর জের ধরে স্মরণ ও আওলাদ ঈদের আগের দিন রাতে রানা মিঝিকে ডেকে নিয়ে যান। এর পর থেকে রানা নিখোঁজ। পরে এলাকাবাসী স্মরণ ও আওলাদকে আটক করে পুলিশে খবর দিলে তাঁরা রানাকে হত্যার কথা স্বীকার করেন। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী ধানখেত থেকে রানার লাশ উদ্ধার করে পুলিশ।এ ব্যাপারে রানার বাবা আসাদ মিজি সদর থানায় সাতজনকে আসামি করে মামলা করেছেন। ময়নাতদন্ত শেষে গত রোববার বিকেলে রানার লাশ বাঘাইকান্দি কবরস্থানে দাফন করা হয়েছে। রানাকে হত্যার প্রতিবাদে এলাকাবাসী গতকাল দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে পরে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি দেয়।এদিকে প্রতিবেশীদের বরাত দিয়ে সদর থানার পুলিশ জানায়, মালির পাথর গ্রামের রহিম যৌতুকের জন্য স্ত্রী আসমাকে মারধর করতেন। এ নিয়ে প্রায়ই তাঁদের মধ্যে ঝগড়া হতো। ঈদের দিনও ঝগড়া হলে অভিমানে আসমা ঘরের কড়ি বর্গার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ব্যাপারে সদর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। আসমার বাড়ি বরগুনার বেতাগী থানায়। রহিমের বাড়িও বরগুনায়। ঘটনার পর থেকে তিনি পলাতক।মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাঝেমধ্যে বিভিন্ন বিষয় নিয়ে শহরের বান্দুটিয়া এলাকার বাসিন্দা খুশি বেগমের সঙ্গে স্বামী মিজানুর রহমানের ঝগড়া হতো। এর জের ধরেই গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে খুশি বেগম বাড়ির পেছনে গিয়ে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। আগুন ধরার পর তাঁর চিৎকার শুনে পরিবার ও আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।এ ব্যাপারে স্বামী মিজানুর রহমানের ভাষ্য, ‘বিয়ের কয়েক মাস পরই ছোট মেয়েকে স্বামীর বাড়ি ছাড়তে হয়। এ ঘটনাকে কেন্দ্র করেই বছরখানেক ধরে খুশি মানসিকভাবে বিপর্যস্ত ছিল। সে মাঝেমধ্যে আত্মহত্যা করার কথা বলত। মূলত ছোট মেয়ের ঘটনায় প্রচণ্ড মানসিক চাপের কারণেই আমার স্ত্রী আত্মহত্যা করেছে।’ এ ব্যাপারে তিনি সদর থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক বলেন, পারিবারিক কলহের জের ধরেই খুশি বেগম আত্মহত্যা করেন বলে প্রাথমিক তদন্তে মনে হয়েছে।শ্রীপুর (গাজীপুর): পরিবারের সদস্যদের বরাত দিয়ে টঙ্গী থানার এসআই আবুল বাশার জানান, ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় স্বামী শাহ আলম স্ত্রী শারমিনকে নিয়ে টঙ্গী বাজারে ঈদের কেনাকাটা করে বাসায় ফেরেন। স্ত্রীকে বাসায় রেখে স্বামী তাঁর মেয়েকে নিয়ে ইফতারি কিনতে যান। ইফতারি নিয়ে এসে দেখেন, ভেতর থেকে ঘরের দরজা বন্ধ। ডাকাডাকি করলেও দরজা না খোলায় স্বামী পাশের বাসা থেকে শাবল এনে দরজা ভেঙে ভেতরে ঢোকেন। তিনি স্ত্রীকে গলায় ওড়না দিয়ে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখেন। দ্রুত গলা থেকে ওড়না খুলে শারমিনকে টঙ্গী হাসপাতালে নিয়ে যান তিনি। হাসপাতালের চিকিৎসক শারমিনকে মৃত ঘোষণা করেন। টঙ্গী হাসপাতাল থেকেই পুলিশ শাহ আলমকে আটক করে।শাহ আলম জানান, বাজার থেকে স্ত্রীর পছন্দের শাড়ি কিনে দিতে না পারায় তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। শাহ আলম বিভিন্ন কারখানার সঙ্গে চুক্তিতে জিনসের প্যান্টের ওয়াশিং ও ডায়িংয়ের ব্যবসা করেন। ইদানীং তাঁর ব্যবসা খুব খারাপ যাচ্ছিল এবং তিনি অর্থসংকটে ভুগছেন।নবাবগঞ্জ (ঢাকা): দোহার থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার ঈদের দিন সকালে দোহার উপজেলার আলামিন বাজারের বাসিন্দা রিকশাচালক সজলের সঙ্গে স্ত্রী রুমার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সজল ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই রুমা নিহত হন। সজল রাস্তায় বের হয়ে নিজের পেটে ছুরি ঢুকিয়ে দেন। এলাকাবাসী গুরুতর আহত সজলকে দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। স্বামী-স্ত্রী দুজনের বাড়িই ফরিদপুর জেলা সদরে। দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ জানান, পুলিশ বাদী হয়ে হত্যা ও আত্মহত্যার ঘটনায় আলাদা দুটি মামলা করেছে।