চার জেলায় নির্বাচনী সহিংসতায় আহত ৩৪, ঘর ভাঙচুর
নীলফামারীর জলঢাকা, শরীয়তপুরের নড়িয়া এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন-পরবর্তী সহিংসতায় গত কয়েক দিনে ৩৪ জন আহত হয়েছেন। ওই তিন উপজেলা ছাড়াও নওগাঁর মান্দা উপজেলায় নির্বাচনকে কেন্দ্র করে বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের বসতঘর ভাঙচুর ও মালামাল লুটপাটের ঘটনাও ঘটেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:নীলফামারী: জলঢাকা উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কৈমারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৌয়ামারী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সদস্য পদপ্রার্থীদের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে গত রোববার রাতে জনতা ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ২০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৫৩টি কাঁদানেগ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। আহত ব্যক্তিদের মধ্যে রাবার বুলেটবিদ্ধ এক নারীসহ তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন ওই গ্রামের সাইদা বেগম (৫৫), ফজলু মাহমুদ (৪৫) ও আজিজুল ইসলাম (৩৮)। এলাকাবাসীর অভিযোগ, সদস্য পদপ্রার্থী (আপেল প্রতীক) হাফিজুর জয়লাভ করলেও প্রিসাইডিং কর্মকর্তা আবদুল মান্নান ফলাফল পাল্টিয়ে রুবেলকে (ফুটবল প্রতীক) বিজয়ী ঘোষণা করেন। এতে হাফিজুরের সমর্থকেরা ফলাফল প্রত্যাখ্যান করে ভোটকেন্দ্রে বিক্ষোভ করে পুনরায় ভোট গণনার দাবি জানান। এএসপি সার্কেল সাহাবুদ্দিন জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে ছুটে গেলে তাঁদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া হয়। শরীয়তপুর: গত বৃহস্পতিবার নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নে নির্বাচন হয়। এতে ৭ নম্বর ওয়ার্ডে সদস্যপদে আমজাদ সরদার বিজয়ী হন। গতকাল সোমবার সকাল ১০টার দিকে আমজাদ সরদার শতাধিক সমর্থক নিয়ে পাড়াগাঁও আকনকান্দি গ্রামে পরাজিত প্রার্থী সামসুদ্দিনের সমর্থকদের বাড়িতে হামলা চালান। তাঁরা ওই গ্রামের ২০টি বসতঘর ভাঙচুর করে জিনিসপত্র লুট করে নিয়ে যান। তাঁরা সুফিয়া, সখিনা খাতুন, রুমা আক্তার, রাশিদা বেগম, আছিয়া খাতুন ও সুফিয়া বেগম নামের ছয়জন নারীকে পিটিয়ে আহত করেন। আমজাদ সরদার বলেন, ‘আমি ও আমার লোকজন কোনো বাড়িঘরে হামলার ঘটনার সঙ্গে জড়িত নই।’রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): ২১ জুন রাঙ্গুনিয়া উপজেলার ১৩ ইউপিতে নির্বাচন হয়। ২৩ জুন মরিয়মনগর ইউপির চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থী মো. ইসমাইলের সমর্থকেরা মাইজপাড়া গ্রামে চেয়ারম্যান পদে বিজয়ী মো. হোসেনের সমর্থক আবদুল আলী (৬৫), আবদুল বারেক (৩৬), মো. গিয়াস (২৮) ও আবদুস সবুরকে (৩২) পিটিয়ে গুরুতর আহত করেন। একইভাবে ২৫ জুন রাতে তাঁরা রজক আলী (৫৩), হামিদুল হক (৪২) ও মনির আহমদকে (৪৭) পিটিয়ে গুরুতর আহত করেন। ২৬ জুন বিকেল চারটায় মাইজপাড়া গ্রামে পরাজিত ইউপি সদস্য নূর হোসেনের সমর্থকদের হামলায় বিজয়ী ইউপি সদস্য মো. শওকতের সমর্থক গিয়াস উদ্দিন (৩৫) আহত নন। বিজয়ী প্রার্থী মো. হোসেন বলেন, ‘ইসমাইলের সমর্থকেরা আমার সমর্থকদের মারধর করছেন।’ মো. ইসমাইল বলেন, ‘এসব ঘটনা নির্বাচন-পরবর্তী সহিংসতা নয়, ব্যক্তিগত বিরোধ। এতে আমাকে জড়িয়ে লাভ নেই।’ নওগাঁ: মান্দা উপজেলার পরানপুর ইউপির ৩ নম্বর ওয়ার্ডের বিজয়ী সদস্য প্রার্থী মাবুল হোসেন প্রামাণিকের সমর্থকেরা পরাজিত প্রার্থী নাসির উদ্দিন মণ্ডলের সমর্থক ফজলুর রহমানের বাড়িতে হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা ওই বাড়ির আসবাব ভাঙচুর এবং মালামাল লুটপাট করেন।