চার জেলায় নিহত পাঁচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পবায় গতকাল বুধবার অটোরিকশার চাকায় ওড়না প্যাঁচিয়ে এক কলেজছাত্রী এবং গত মঙ্গলবার গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। সিরাজগঞ্জের উল্লাপাড়া, নীলফামারী সদর ও দিনাজপুরের ঘোড়াঘাটে গতকাল সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর; রাজশাহী: পবা উপজেলা হরিপুর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না প্যাঁচিয়ে সাথিয়া ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী নাসরিন খাতুন (১৬) মারা গেছে। সে উপজেলার হরিপুর গ্রামের আবদুল গফুরের মেয়ে। গতকাল বেলা ১১টার দিকে রাজশাহী নগরের কাশিয়াডাঙ্গা মোড় এলাকায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।গোদাগাড়ীর কাশিমপুর এলাকায় গত মঙ্গলবার সন্ধ্যায় ট্রাকের ধাক্কায় গোদাগাড়ী থানার এসআই কাজী রিপন (৩৫) নিহত হন। তিনি বরিশালের আগৈলঝাড়া উপজেলার ভালামি গ্রামের আবদুল হাকিমের ছেলে। সন্ধ্যা পৌনে সাতটার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়কের কাশিমপুর স্লুইসগেট সেতুর কাছে একটি ট্রাক রিপনের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে পড়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে রিপনকে উদ্ধার করে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সিরাজগঞ্জ: নগরবাড়ী-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া রেলস্টেশনের কাছে গতকাল বেলা ১১টার দিকে ট্রাকের চাপায় আলেয়া বেগম (৪০) নামের এক নারী নিহত এবং তাঁর ছেলে মিনাজ (৮) আহত হয়। আলেয়া বেগমের বাড়ি পাবনার চাটমোহর উপজেলায়। মিনাজকে উল্লাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উল্লাপাড়া থানায় মামলা হয়েছে।নীলফামারী: নীলফামারী-দেবীগঞ্জ সড়কের সদর উপজেলার জেলেপাড়া গ্রামে গতকাল বাসের চাপায় সূচনা (৬) নামের এক শিশু নিহত হয়। সে কিত্তনীয়াপাড়া গ্রামের সুধেন চন্দ্র রায়ের মেয়ে। রাস্তা পারাপারের সময় বাসটি সূচনাকে চাপা দেয়। এ ঘটনায় স্থানীয় লোকজন ওই সড়ক চার ঘণ্টা অবরোধ করে রাখেন। এতে যানজটের সৃষ্টি হয়। সদর থানার এসআই আরমান আলী জানান, অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকেল সাড়ে চারটার দিকে স্থানীয় লোকজন অবরোধ তুলে নেন। বিরামপুর (দিনাজপুর): ঘোড়াঘাট বাসস্ট্যান্ড এলাকায় গতকাল দুপুরে একটি ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী ঘোড়াঘাট পৌর শহরের নূরজাহানপুর মহল্লার রুহুল আমিন (৫০) নিহত হন। ঘটনার পর পুলিশ ট্রাকটি আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।