চার জেলায় নিহত ৪

পৃথক সড়ক দুর্ঘটনায় চার জেলায় চারজন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহী, রাজবাড়ী, গাজীপুর ও ঢাকা জেলায় এসব দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট জেলার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে সড়ক দুর্ঘটনায় চারজন নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
সকাল সাড়ে সাতটার দিকে রাজশাহীর বাগমারা উপজেলায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দিনমজুর ইদ্রিস আলী (৪৫) নিহত হয়েছেন। আত্রাই-ভবানীগঞ্জ সড়কের আদর্শ কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আজ সকালে বাড়ি থেকে সাইকেলে করে কাজে যাওয়ার পথে তিনি এ দুর্ঘটনার শিকার হন। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ঢাকাগামী পূর্বাশা পরিবহনের একটি বাসের ধাক্কায় নিহত হন খোন্দকার শামছুল আলম (৬৫) নামের এক ব্যক্তি। তিনি ঢাকার পর্যটন সংস্থার অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। উপজেলার দৌলতদিয়া ঘাট সাইনবোর্ড এলাকায় দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবী হোসেন জানান, নিহত শামছুলের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঢাকার ধামরাইয়ে বেলা ১১টার দিকে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় নিহত হন মোটরসাইকেল আরোহী টুটুল (৩৫)। ঢাকা-আরিচা মহাসড়কের পাশে একমি ল্যাবরেটরি লিমিটেডের কার্যালয়ের গেটের সামনে এ ঘটনা ঘটে। ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, নিহত টুটুলের লাশ উদ্ধার করে তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সকাল ১০টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মতিউর রহমান সানি (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উড়ালসেতুর দক্ষিণে মোহা সিএনজি ফিলিংস্টেশনের সামনে এ ঘটনা ঘটে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।