চার জেলায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী, নীলফামারীর জলঢাকা, পঞ্চগড়ের বোদা ও নওগাঁ সদর উপজেলায় দুই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও সাতজন আহত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:ফুলবাড়ী (দিনাজপুর): দিনাজপুরের ফুলবাড়ী-বিরামপুর সড়কের ব্রহ্মচারী এলাকায় গত শুক্রবার সন্ধ্যায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মো. সুজন (২৩) নিহত হন। তিনি বগুড়া টিএমএসএস টেকনিক্যাল কলেজের ছাত্র। তাঁর বাড়ি বিরামপুর উপজেলার কুর্শাখালী গ্রামে। নীলফামারী: শনিবার সকালে জলঢাকা উপজেলার জলঢাকা-ডিমলা সড়কের সাইডনালা বাজারসংলগ্ন এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মমেজা খাতুন (৬) ঘটনাস্থলেই নিহত হয়েছে। শিশুটি জলঢাকার পশ্চিম বালাগ্রামের মোখছেদুল ইসলামের মেয়ে। এ ঘটনার পর উত্তেজিত লোকজন সকাল সাড়ে ১০টা থেকে এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। নওগাঁ: নওগাঁ-রাজশাহী সড়কের কুমুরিয়ায় গতকাল দুপুর একটার দিকে দ্রুতগামী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আতাউর রহমান (৫৫) নিহত হয়েছেন। আতাউর রহমানের বাড়ি নওগাঁ সদর উপজেলার বর্ষাইল গ্রামে। পঞ্চগড়: শুক্রবার বিকেলে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে বোদা উপজেলার নাজিরপাড়া সোনারবাংলা পেট্রলপাম্পের সামনে মিনিবাস, মাইক্রোবাস ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেলচালক অলিয়র রহমান (৩০) নিহত এবং অপর পাঁচজন আহত হয়েছেন। নিহত অলিয়র সদর উপজেলার টুনিরহাট এলাকায় হোসেন আলীর ছেলে। সংঘর্ষে মাইক্রোবাসে আগুন লেগে যায়।