চার জেলায় নিহত ৬
চার জেলায় গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এ নিয়ে গত ৫০ দিনে দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ৪৪৮ জন।
প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের আমিনবাজার এলাকায় গতকাল রাত আটটার দিকে রাজধানীগামী একটি বাসের চাপায় নিহত হয়েছে দুই সাইকেল আরোহী। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের বয়স ১৫ থেকে ১৮ বছরের মধ্যে বলে ধারণা করছে পুলিশ। সাভারে ট্রাফিক পুলিশের পরিদর্শক ইলিয়াস হোসেন বলেন, সাভারের সালেহপুর সেতুর কাছে দুই বাইসাইকেল আরোহীকে চাপা দেয় বাসটি। ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে আমিনবাজার সেতুর ওপর বাসটি রেখে পালিয়ে যান চালক। এতে মহাসড়কের এক পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বাসটি সরানোর পর রাত নয়টার দিকে যান চলাচল আবার শুরু হয়।
মান্দা থানার ওসি আনিছুর রহমান বলেন, নওগাঁর মান্দা উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় গত বৃহস্পতিবার ব্যাটারিচালিত ভ্যান উল্টে আব্দুল করিম (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু-নারীসহ ভ্যানের আরও সাত যাত্রী আহত হয়েছেন।
পাবনা-বগুড়া মহাসড়কের দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকালে বেড়া উপজেলার চাকলা মোল্লাবাড়ি নামক স্থানে মহাসড়ক পার হওয়ার সময় একটি বাস শাহানারা বেগমকে (৪০) চাপা দিলে তিনি মারা যান।
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ভবেরচর হাইওয়ে ফাঁড়ির সার্জেন্ট মো. হাসেম বলেন, বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মতলব সিএনজি স্টেশনের সামনে ত্রুটিপূর্ণ একটি পিকআপ চালু করতে মিরাজ (২৮) ও অজ্ঞাতনামা এক ব্যক্তি পেছন থেকে ধাক্কা দিচ্ছিলেন। এ সময় পেছন থেকে যাত্রীবাহী একটি বাস তাঁদের ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজন মারা যান। নিহত ব্যক্তিদের একজনের নাম মো. মিরাজ