চার জেলায় নিহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির রাজাপুর ও সিরাজগঞ্জের তাড়াশে গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। কক্সবাজারের রামু ও গাইবান্ধার সাদুল্যাপুরে গত শনিবার সড়ক দুর্ঘটনায় আরও পাঁচজন নিহত হন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন:পিরোজপুর ও ঝালকাঠি: খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কে ঝালকাঠির রাজাপুরের নৈকাঠিতে গতকাল সকাল সাড়ে নয়টার দিকে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের সুপারভাইজার আল-আমিন (২৫) এবং আরিফ (১৬) নামের আরেকজন ঘটনাস্থলেই নিহত হয়। সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সলঙ্গা-তাড়াশ সড়কের চারাবটতলায় গতকাল সকাল সাড়ে আটটার দিকে একটি যাত্রীবাহী হিউম্যান হলারের সঙ্গে একটি ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হিউম্যান হলারের যাত্রী শহিদুল ইসলাম (৩০) নিহত হন। রামু (কক্সবাজার): কক্সবাজারের রামুতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রশিদনগর নাদেরুজ্জামান উচ্চবিদ্যালয়ের সামনে শনিবার সকাল সাতটার দিকে কক্সবাজারগামী একটি মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক ঢাকার শ্যামপুর নিউ জুরাইন এলাকার মোর্শেদ (৪০) নিহত হন। দুর্ঘটনায় আহত মাইক্রোবাসের যাত্রী জাহাঙ্গীর (১৬) বেলা ১১টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যায়। একই দিন বিকেল চারটার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের রামু-সোনাইছড়ি সড়কের ভগবানটিলায় চাঁদের গাড়ি উল্টে আরও দুজন নিহত হন। তাঁরা হলেন নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি গ্রামের মংথোয়াই মারমা (২৭) ও জয়নাল (২০)। গাইবান্ধা: ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাটে শনিবার রাতে ট্রাকের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আবদুল হামিদ (৪১) ধাপেরহাট ইউনিয়নের খামারপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।