চার জেলায় নিহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বালাগঞ্জ, চট্টগ্রামের সীতাকুণ্ড, বাগেরহাটের মোরেলগঞ্জ ও নেত্রকোনায় গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: বালাগঞ্জ (সিলেট): উপজেলার উনিশমাইলে গতকাল সকালে তিনজন নিহত হয়েছেন। তাঁরা হলেন, শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঢালীপাড়া গ্রামের দীন মোহাম্মদ (৩৫), হবিগঞ্জের বানিয়াচংয়ের ফারুক মিয়া (৩৮) ও অজ্ঞাতনামা একজন পুরুষ (৪০)।সংবাদপত্রবাহী একটি মাইক্রোবাস সিলেট শহর থেকে ঢাকায় ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের উনিশমাইলে সকাল সাড়ে আটটার দিকে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ ঘটে। সীতাকুণ্ড (চট্টগ্রাম): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার মগপুকুর এলাকায় গতকাল সকাল সাড়ে ১০টায় একটি তেলের লরি একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার যাত্রী কুমিরার মো. ওয়াসিম ও হাতিয়ার মো. মিশু (২৬) নিহত হন। নেত্রকোনা: নেত্রকোনা-কলমাকান্দা সড়কে নেত্রকোনা সদর উপজেলার জাহাঙ্গীরপুরে গতকাল দুপুরে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। তাঁরা হলেন কলমাকান্দা উপজেলার কইরাটি গ্রামের ঈশা খাঁ (২৭) ও হিরাকান্দা গ্রামের জাহাঙ্গীর কবীর (২৫)। বাগেরহাট: মোরেলগঞ্জ-বাগেরহাট সড়কের মোরেলগঞ্জ উপজেলার কালিকাবাড়ী বাজারে গতকাল সকাল সাড়ে আটটার দিকে একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী ইকবাল হাওলাদার (৩০) নিহত হন।