চার জেলায় নয়জনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা সদর, আমতলী ও গাইবান্ধা, ফরিদপুর সদর ও বোয়ালমারী এবং সিরাজগঞ্জে গত রোববার নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই দিন অনৈতিক কাজ করার সুযোগ দেওয়ার দায়ে ফরিদপুর শহরের একটি হোটেলের মালিকসহ দুজনকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে হাসপাতালের বিনা মূল্যের ওষুধ রাখার দায়ে একজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর;বরগুনা: গাঁজা রাখার দায়ে বরগুনার সদর উপজেলায় আ. সত্তার (৫০) নামের এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল ইসলাম তাঁকে এ দণ্ড দেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আবদুর রবের নেতৃত্বে বরগুনা শহরের হাসপাতালসংলগ্ন বস্তিতে রোববার বিকেলে অভিযান চালানো হয়। এ সময় আ. সত্তারের কাছ থেকে (৫০) ১৭৪ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে ছয় মাসের কারাদণ্ড দেন।আমতলী (বরগুনা): র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা গত রোববার বিকেলে আমতলী বাসস্ট্যান্ড এলাকায় আজাদ (২৮) ও সিদ্দিক (৩০) নামের দুই যুবকের দেহ তল্লাশি করে এক কেজি গাঁজা উদ্ধার করেন এবং তাঁদের আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মশিউর রহমান গাঁজা রাখার দায়ে তাঁদের ছয় মাস করে কারাদণ্ড দেন।গাইবান্ধা: গাইবান্ধা শহরের পলাশপাড়ার আবদুুল হামিদকে ছয় মাস, তাঁর স্ত্রী বেবী খাতুনকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং সদর উপজেলার পাবর্তীপুর গ্রামের খোকন মিয়াকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল কাশেম মো. শাহীন তাঁদের এ দণ্ড দেন। এর আগে ভ্রাম্যমাণ আদালত, র্যাব-৫-এর সদস্য ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা আবদুল হামিদের বাড়ি থেকে ৭০০ গ্রাম এবং খোকনের ফলের দোকান থেকে ৩০০ গ্রাম গাঁজা জব্দ করেন। সন্ধ্যায় জরিমানা না দেওয়ায় বেবীসহ তিনজনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।ফরিদপুর: সরকারি কাজে বাধা দেওয়ায় গত রোববার ফরিদপুরে আবদুল হালিম (৫০) নামের এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই দিন অসামাজিক কাজ করার সুযোগ দেওয়ার দায়ে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার হোটেল সুপারের মালিক টিপু শেখকে (৫৫) ৪০ হাজার টাকা এবং ব্যবস্থাপক সাধন কুমারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। ওই আদালতের নেতৃত্বে থাকা নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোস্তাফিজুর রহমান তাঁদের এ শাস্তি দেন।বোয়ালমারী (ফরিদপুর): বোয়ালমারী উপজেলা শহরের তরুণ ট্রেডার্স নামের একটি দোকানে ভেজাল ব্লিচিং পাউডার বিক্রির চেষ্টার দায়ে দুই যুবককে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট শাব্বির ইকবাল তাঁদের এ দণ্ড দেন। দণ্ড পাওয়া দুই যুবক হলেন ফেনী সদর উপজেলার ফতেপুর গ্রামের মো. রফিক আহমেদ (২৮) এবং গজারিয়াকান্দি গ্রামের মো. নুরন্নবী (৩০)।সিরাজগঞ্জ: অবৈধভাবে জুয়া খেলার দায়ে গত রোববার তাড়াশ উপজেলার শ্রীরামপুর গ্রামের সিরাজুল ইসলাম এবং শাকপাল গ্রামের শহিদুল ইসলামকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আদালতের নেতৃত্বে ছিলেন জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির।নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): সরকারি হাসপাতালের বিনা মূল্যের ওষুধ বিক্রির দায়ে গতকাল সোমবার নবীনগর উপজেলার সলিমগঞ্জ বাজারের একটি ওষুধ বিক্রির দোকানের মালিকের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওই দোকান মালিকের নাম কৃষ্ণকান্ত সাহা (৪৫)। আদালতের নেতৃত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সামছুল ইসলাম। পরে পুলিশ কৃষ্ণকান্ত সাহাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।