চার জেলায় পাঁচজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের চার জেলায় কিশোরসহ পাঁচ ব্যক্তি খুন হয়েছে। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় গতকাল মঙ্গলবার এক ব্যক্তির মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় গতকাল সকালে চাচাতো ভাইয়ের হাতে এক কিশোর খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া গতকাল ফরিদপুরের সদর উপজেলায় গলাকাটা, ঢাকার কেরানীগঞ্জে বস্তাবন্দী ও কুড়িগামের নাগেশ্বরী উপজেলা থেকে তিন ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় প্রতিনিধিদের পাঠানো খবর:সিরাজগঞ্জ: জেলার কামারখন্দ উপজেলার ভারেঙ্গা গ্রামের নিতাই চন্দ্র পোদ্দার (৩৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। তিনি উপজেলার কড্ডার মোড় এলাকার একটি স্বর্ণালংকার তৈরির দোকানে কাজ করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাত নয়টার দিকে কাজশেষে নিতাই রেললাইনের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাঁকে জবাই করে লাশ রেললাইনের পাশের রাস্তায় ফেলে দেয় এবং তাঁর মাথা নিয়ে যায়। পুলিশ গতকাল দুপুরে তাঁর লাশ উদ্ধার করে। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আলী জানান, নিহত নিতাইয়ের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।বোয়ালমারী (ফরিদপুর): বোয়ালমারী উপজেলার চরঘোষপুর গ্রামে আমিরুল মোল্লা (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। অভিযোগ উঠেছে, গতকাল ভোরে চাচাতো ভাই ইস্রাফিল মোল্লা (১৪) বঁটির আছাড়ি দিয়ে আমিরুলের মাথায় আঘাত করে। পরে বোয়ালমারী হাসপাতালে আমিরুল মারা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, দুই পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। থানার উপপরিদর্শক (এসআই) মো. শহীদুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য আমিরুলের লাশ মর্গে পাঠানো হয়েছে। ইস্রাফিলকে আটক করা হয়েছে। ফরিদপুর: গতকাল সকালে পুলিশ সদর উপজেলার গোলাপ খাঁর ডাঙ্গী এলাকার গোয়ালন্দ-টেপাখোলা সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৩২) গলাকাটা লাশ উদ্ধার করেছে। ফরিদপুর কোতোয়ালি থানার এসআই মো. আবুল খায়ের গতকাল বিকেলে জানান, ময়নাতদন্তের জন্য লাশটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কুড়িগ্রাম: জেলার নাগেশ্বরী উপজেলার পয়রাডাঙ্গা বাজারের কাছে গিরাই নদীর তীরে একটি ধানখেত থেকে গতকাল সকালে ফারুক (৩২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফারুকের বাড়ি উপজেলার শ্রীপুর সিঙ্গেরভিটা গ্রামে। তিনি পায়রাডাঙ্গা বাজারের একটি দোকানে ওয়েল্ডিং মিস্ত্রির কাজ করতেন। নাগেশ্বরী থানার ওসি মঞ্জুরুর রহমান জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।কেরানীগঞ্জ: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের উত্তরপাড়ার নয়ন (২০) নামের এক যুবকের বস্তাবন্দী লাশ গতকাল দুপুরে স্থানীয় একটি ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। নয়ন সাত দিন ধরে নিখোঁজ ছিলেন। তিনি মাটি টানা শ্রমিকের কাজ করতেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মো. আজাদ জানিয়েছেন, অপহরণের পর নয়নকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।সংঘর্ষে আহত গৃহবধূর মৃত্যুকালাই (জয়পুরহাট) প্রতিনিধি জানান, জয়পুরহাটের কালাই উপজেলায় সংঘর্ষের ঘটনায় আহত এক গৃহবধূ গতকাল মারা গেছেন। তাঁর নাম আনোয়ারা বেগম (৪০)। তিনি শাইলগুন গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি পুকুরের দখল নেওয়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে গত ৩ সেপ্টেম্বর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় স্বামীকে রক্ষা করতে গিয়ে প্রতিপক্ষের শাবলের আঘাতে আহত হন আনোয়ারা। তাঁকে প্রথমে জয়পুরহাট আধুনিক হাসপাতালে এবং পরে রংপুর মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে গতকাল আনোয়ারা মারা যান।কালাই থানার ওসি আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত চলছে।