চার জেলায় পাঁচজন খুন, একজন গ্রেপ্তার
যশোরের শার্শায় আহসানুল ইসলাম (২২) নামের এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত সোমবার সন্ধ্যায় উপজেলার আনসার ক্যাম্পসংলগ্ন কাজীরবেড় গ্রামে এ ঘটনা ঘটে। রোববার ঝিনাইদহে বিল্লাল হোসেন (৩৮) নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা।একই দিনে অভয়নগর উপজেলার ধলিরগাতী গ্রামে নিরব (৪) নামের চার বছরের এক শিশুকে পানিতে ফেলে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাজবাড়ীর পাংশা ও সোমবার খুলনার রূপসা উপজেলায় পুলিশ দুই তরুণের লাশ উদ্ধার করেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:যশোর: বেনাপোলের সাদিপুর গ্রামের আবদুর রশিদের ছেলে আহসানুল ইসলাম শার্শা উপজেলার কাজীরবেড় গ্রামের নানার বাড়িতে থেকে নওয়াপাড়া এলাকার একটি কলেজে পড়াশোনা করতেন। সোমবার সন্ধ্যায় কাজীরবেড় গ্রামের একটি বাগানের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় দৌড়ে একটি রাস্তার ওপর পড়ে যান আহসানুল। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফারুক হোসেন বলেন, বন্ধুদের মধ্যে বিরোধের জের ধরে আহসানুলকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে আহসানুলের ঘনিষ্ঠ এক বন্ধুর স্যান্ডেল ও একটি মুঠোফোন সেট উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।ঝিনাইদহ: হরিণাকুণ্ডু থানার ওসি আবুল খায়েরের ভাষ্যমতে, নিহত বিল্লাল চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) ক্যাডার ছিলেন। তাঁর বিরুদ্ধে হরিণাকুণ্ডু থানায় একটি হত্যা ও দুটি অপহরণের মামলা রয়েছে। রোববার সকালে তিনি ঢাকা থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন। কিন্তু তিনি বাড়ি ফেরেননি। গতকাল সকালে গোয়ালবাড়ি মাঠের ক্যানালের ধারে তাঁর লাশ দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেন। নিজেদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।অভয়নগর (যশোর): এক বছর আগে উপজেলার ধলিরগাতী গ্রামের মাসুম বিল্লার প্রথম স্ত্রী রেশমা বেগমকে (২৩) তালাক দেন। তবে ছেলে নিরবকে নিজের কাছে রেখে দেন। পরে মাসুম পাশের চেঙ্গুটিয়া গ্রামের সুমাইয়া আক্তারকে বিয়ে করেন। রোববার রাতে নিরব তার দুই ফুপাতো বোন লিমা (৫) ও ইপার (৫) সঙ্গে প্রতিবেশীর বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিল। এ সময় বাড়ির পাশে পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা সুমাইয়া নিরবের গলা টিপে ধরেন। পরে তিনি নিরবকে পুকুরের পানিতে ছুড়ে ফেলে দেন। এ ঘটনায় নিরবের মা রেশমা সোমবার সুমাইয়াকে আসামি করে অভয়নগর থানায় মামলা করেন। ওই দিনই পুলিশ সুমাইয়াকে গ্রেপ্তার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবদুস ছালেক বলেন, ‘প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য এবং প্রাথমিক তদন্তে আমরা নিশ্চিত হয়েছি, সুমাইয়া নিরবকে গলা টিপে পুকুরের পানিতে ফেলে হত্যা করেছেন।’রাজবাড়ী: পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের লক্ষ্মণদিয়া কবরস্থানের পাশে একটি ডোবা থেকে গতকাল মঙ্গলবার পুলিশ আবদুর রহমান (২৮) নামের এক তরুণের লাশ করেছে। তিনি পার্শ্ববর্তী গাঁড়াল গ্রামের সুখচাঁদ মণ্ডলের ছেলে। ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে।খুলনা: রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের মিল্কি দেয়াড়া এলাকার একটি পরিত্যক্ত বরফ কল থেকে সোমবার বিকেলে পুলিশ পারভেজ মিনা (২৫) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে। তিনি ওই এলাকার রকিব মিনার ছেলে। রূপসা থানার ওসি আশরাফ হোসেন বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।