হবিগঞ্জের বাহুবলে সিমেন্টবোঝাই ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ছাড়া ফরিদপুর, কিশোরগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজনের প্রাণহানি হয়েছে। গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার দুপুর পর্যন্ত এসব সড়ক দুর্ঘটনা ঘটে।
এই পাঁচজনসহ এ নিয়ে গত ১৭৬ দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ হাজার ৭২১ জনের।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
হবিগঞ্জের বাহুবলের ডুবাঐ বাজারের কাছে গতকাল ভোরে সিমেন্টবোঝাই ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত দুজন হলেন মৌলভীবাজার সদর উপজেলার লখাইকান্দি গ্রামের মো. গনি মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৩৫) এবং কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সাতুয়া গ্রামের হাসিতদ মিয়ার ছেলে মো. কামাল হোসেন (৩৭)। রফিকুল ছিলেন পিকআপ ভ্যানের চালক। অপরজন তাঁর সহকারী।
কিশোরগঞ্জ সদরে কিশোরগঞ্জ-চামটা সড়কের সতাল এলাকায় সকাল ১০টার দিকে পিকআপ ভ্যানের চাপায় সাইদুর রহমান (৩৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। তাঁর বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাকচান্দা গ্রামে।
ফরিদপুর সদর উপজেলার মুন্সিবাজার-খালেক বাজার আঞ্চলিক সড়কের গেরদা প্রাথমিক বিদ্যালয়ের পেছনের দিকে বেলা দুইটার দিকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে সৈয়দ মিয়াম (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে গেরদা এএফ মজিবুর রহমান উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের মহারাজপুরে মঙ্গলবার রাতে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বাড়ির দেয়ালে ধাক্কা লাগলে মো. মিজান (৫) নামে মাইক্রোবাসে থাকা এক শিশু নিহত হয়। সে শিবগঞ্জ উপজেলার কানসাটের মো. প্রিন্সের ছেলে। এ ঘটনায় মিজানের মা-বাবা ও মাইক্রোবাসের চালক আহত হয়েছেন।