চার জেলায় পাঁচজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার তালতলী উপজেলায় দুর্বৃত্তদের হামলায় একজন গরুর ব্যবসায়ী খুন হয়েছেন৷ বরিশালের গৌরনদী উপজেলায় অজ্ঞান পার্টির সদস্যদের চেতনানাশকে অসুস্থ হয়ে মারা গেছেন আরেক ব্যবসায়ী৷
এ ছাড়া বরগুনা, ফরিদপুর ও পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে৷ গত সোমবার থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত এসব ঘটনা ঘটে৷
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বরগুনা: জেলার তালতলী উপজেলার চন্দনতলা গ্রামের নিহত ব্যবসায়ীর নাম আবু সালেহ (২৬)৷ তাঁর বাবা হাবিব মুন্সি জানান, গতকাল সকালে বাড়ির সামনের বৈঠকখানার একটি বেঞ্চে শোয়ানো অবস্থায় আবু সালেহর লাশ দেখতে পান তিনি৷
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আবু সালেহর মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে৷ ধারণা করা হচ্ছে, তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে৷
তালতলীর মিনিপাড়া গ্রামে নিহত গৃহবধূর নাম সোনিয়া আক্তার (১৮)৷ তাঁর বাবা জাহাঙ্গীর হোসেন খান জানান, বিয়ের পর থেকেই ৬০ হাজার টাকা যৌতুকের দাবিতে সোনিয়াকে তাঁর স্বামী ইসমাইল বিশ্বাস মারধর করতেন৷ এর জের ধরে সোমবার সকালে ও দুপুরে সোনিয়াকে দুই দফায় তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মিলে বেদম মারধর করেন৷ পরে তাঁর মুখে বিষ ঢেলে দেন৷ সোমবার রাতে সোনিয়াকে তালতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়৷
গৌরনদী (বরিশাল): পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্র জানায়, গৌরনদী পৌরসভার বেকীনগর মহল্লার বাসিন্দা ও টরকী বন্দরের ব্যবসায়ী রতন শাহ্ (৪৫) সোমবার দুপুরে পাওনা টাকা আদায়ের জন্য পাশে মুলাদী বন্দরে যান৷ পাওনা টাকা নিয়ে ফেরার পথে সন্ধ্যায় মুলাদীর মীরগঞ্জ খেয়াঘাট এলাকায় পৌঁছালে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন৷ তারা কৌশলে রতনকে চেতনানাশক দ্রব্য খাওয়ায়৷ অজ্ঞান পার্টির সদস্যরা তাঁর টাকা, মোবাইল ফোন লুট করে রাস্তার পাশে ফেলে দেয়৷ সন্ধ্যা সাড়ে সাতটায় পথচারীরা রতনকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান৷ অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়৷ সেখানে গতকাল সকাল নয়টায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়৷
মঠবাড়িয়া (পিরোজপুর): পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার রাজপাড়া গ্রামের মৃত ইসমাইল খানের ছেলে মামুন খানের (২৫) সঙ্গে লেবাননপ্রবাসী স্ত্রীর সম্পর্ক খারাপ যাচ্ছিল৷ এ কারণে স্ত্রীর সঙ্গে অভিমান করে মামুন সোমবার রাত নয়টার দিকে ঘরে রাখা কীটনাশক পান করেন৷ পরিবারের লোকজন তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন৷ খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে৷
মঠবাড়িয়া থানার ওসি নাসির উদ্দিন মল্লিক জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে৷ ময়নাতদন্তের জন্য গতকাল লাশ পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়৷
ফরিদপুর: নিহত ফেলু শেখ জেলার সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৈলডুবি গ্রামের হাশেম শেখের ছেলে৷ পেশায় টেম্পোচালক৷ এলাকাবাসী জানান, আট বছর আগে উপজেলার পূর্বশ্যামপুর গ্রামের মৃত শফি মাতুব্বরের মেয়ে আঁখি আক্তারের (২৪) সঙ্গে হাশেম শেখের বিয়ে হয়৷ পারিবারিক বিরোধের কারণে কিছুদিন আগে আঁখি বাবার বাড়িতে চলে আসেন৷ ফেলু শেখ সোমবার সন্ধ্যায় টেম্পো নিয়ে শ্বশুরবাড়িতে আসেন স্ত্রীকে বাড়ি নেওয়ার জন্য৷ গতকাল সকালে শ্বশুরবাড়ির একটি কক্ষে তাঁর লাশ পাওয়া যায়৷
আঁখি আক্তার দাবি করেন, রাতে ছেলের জন্য তাঁর স্বামী বাড়ির পাশের দোকানে বিস্কুট কিনতে যান৷ আসার পথে একটি সাপ তাঁর দুই পা পেঁচিয়ে ধরলে আতঙ্কিত হয়ে পড়ে৷ এতে স্ট্রোক করে তাঁর স্বামীর মৃত্যু হয়৷
এ বক্তব্য নাকচ করে দিয়ে ফেলু শেখের ভাই আফু শেখ বলেন, ফেলুকে শ্বাস রোধ করে হত্যা করে স্ট্রোকে মৃত্যু হয়েছে বলে মিথ্যা প্রচার করা হচ্ছে৷