চার জেলায় পানিতে ডুবে শিশুসহ পাঁচজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর, গোয়ালন্দ, ফরিদপুর ও শরীয়তপুরে চার দিনে পানিতে ডুবে তিন শিশুশিক্ষার্থীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এক স্কুলছাত্র নিখোঁজ রয়েছে। গত শুক্রবার থেকে গতকাল সোমবার পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।

এর মধ্যে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বকসির ঘটিচোরা গ্রামে গত শুক্রবার দুপুরে পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়। তারা হলো একই গ্রামের নেছার মিয়ার মেয়ে স্বর্ণা আক্তার (৭) ও এমাদুল হকের মেয়ে তামান্না আক্তার (৭)। শিশু দুটি স্থানীয় পূর্ব ঘটিচোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুশ্রেণির ছাত্রী ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, স্বর্ণা ও তামান্না শুক্রবার বেলা একটার দিকে বাড়ির পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়।

ঈদের ছুটিতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ইদ্রিস শেখের পাড়ায় খালার বাড়ি বেড়াতে এসে গত রোববার বিকেলে পদ্মায় গোসল করতে নেমে মারা গেছে সুজন ওরফে আবদুল্লাহ (১৪) নামের এক স্কুলছাত্র। সে গাজীপুরের শ্রীপুর উপজেলার বড়দি গ্রামের শহীদ ফকিরের একমাত্র ছেলে এবং স্থানীয় বনরুপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

সুজনের খালা নাসিমা আকতার বলেন, ‘আমার বড় বোনের একমাত্র ছেলে সুজন। গত শুক্রবার ওকে আমার বাড়ি বেড়াতে নিয়ে আসি। কিন্তু ঈদের পরদিন রোববার বেলা দুইটার দিকে স্থানীয় কয়েকজন শিশুর সঙ্গে সে বাড়ির পাশে পদ্মা নদীতে গোসল করতে যায়। সে সাঁতার জানত না। একপর্যায়ে পদ্মার স্রোতের টানে ভেসে যায়। গতকাল ভোরে নদীর কিনারে সুজনের লাশ পাওয়া যায়।

ফরিদপুরের মধুখালী উপজেলার চন্দনা নদীতে নিখোঁজ হওয়ার প্রায় ২৭ ঘণ্টা পর ইমরান শেখ (২৩) নামের এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। গত রোববার সন্ধ্যা সাতটার দিকে ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার ভাটিতে গ্রামবাসী তাঁর লাশ ভেসে থাকতে দেখে।

গত শনিবার বিকেল চারটার দিকে উপজেলার মেঘচামী গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে নদীর ওপর সাঁকো পার হওয়ার সময় ইমরান পড়ে যান। তিনি কৃষিকাজ করতেন। বাড়ি মেঘচামী গ্রামে।

গতকাল দুপুরে শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর গ্রামে কীর্তিনাশা নদীতে গোসল করতে নেমে¯ আনিছ সিকদার (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তা ছাড়া তাঁর ১০ বছরের ছেলে আকাশ সিকদার নিখোঁজ হয়েছে। আনিছ সিকদারের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার চাখার গ্রামে। তিনি জয়নগর গ্রামে তাঁর শ্বশুরবাড়ি এসেছিলেন। নিখোঁজ আকাশ রাজধানীর খিলগাঁ এলাকায় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। গতকাল দুপুরে কীর্তিনাশা নদীতে গোসল করার সময় আকাশ নদীর স্রোতের টানে ভেসে যায়। ছেলেকে উদ্ধারের চেষ্টা করার সময় তিনিও তলিয়ে মারা যান। তবে ছেলেটির সন্ধানে অভিযান চলছে।

[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন পিরোজপুর, শরীয়তপুর ও গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি এবং ফরিদপুর অফিস]