চার জেলায় পুলিশসহ আহত ৫৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা, বাগেরহাট, পিরোজপুর ও পটুয়াখালীর গলাচিপা উপজেলায় গত কয়েক দিনে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় র‌্যাব ও পুলিশ সদস্যসহ কমপক্ষে ৫৩ জন আহত হয়েছেন। ভোলার চরফ্যাশনে ঘুষ নিয়ে ইউপি সদস্য প্রার্থীকে বিজয়ী ঘোষণা করায় একজন প্রিসাইডিং কর্মকর্তাকে আটক করা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:বরগুনা: সদর উপজেলার বুড়িরচর ইউনিয়ন পরিষদ নির্বাচন গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে জয়ী হন সিদ্দিকুর রহমান মৃধা। ওই দিন ফলাফল ঘোষণার পর থেকে সিদ্দিকুর রহমানের সমর্থকেরা পরাজিত প্রার্থী গোলাম কিবরিয়ার সমর্থকদের ওপর হামলা চালাতে শুরু করে। তারা গত বৃহস্পতিবার রাত থেকে শনিবার পর্যন্ত ইউনিয়নের বুড়িরচর, মানিকখালী, চরকগাছিয়াসহ বেশ কয়েকটি গ্রামে কয়েক দফা হামলা চালিয়ে গোলাম কিবরিয়ার সমর্থকদের ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করে। এ সময় ৩০ জন আহত হন। সিদ্দিকুর রহমান বলেন, ‘আমি আমার কর্মীদের শান্ত থাকতে বলেছি। পরাজিত প্রার্থী গোলাম কিবরিয়া ফলাফল প্রত্যাখ্যান করেছেন। তিনি অভিযোগ করেন, নির্বাচনের দিন বড় লবণগোলা, মাইঠা, মানিকখালী ও রায়েরতবক কেন্দ্রে জালভোট ও ভয় দেখিয়ে ভোট দিতে বাধ্য করা হয়েছে। আমি হাতেনাতে জাল ভোটদাতাকে ধরলেও কর্তব্যরত প্রিসাইডিং কর্মকর্তা কোনো ব্যবস্থা নেননি।’ জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল মান্নান জানান, তিনি বিষয়টি শুনে প্রিসাইডিং কর্মকর্তাকে জিজ্ঞাসা করেছিলেন। প্রিসাইডিং কর্মকর্তা ওই চারটি কেন্দ্রে জালভোট পড়ার অভিযোগ অস্বীকার করেছেন।বাগেরহাট: মোল্লাহাট উপজেলার আটজুড়ি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবুল বাশার ও মিঞা মশিউর রহমান পরাজিত হন। শনিবার কাহালপুর পূর্বপাড়া গ্রামে ওই দুই প্রার্থীর সমর্থকেরা পরাজয়ের জন্য একে অন্যকে দোষারোপ করে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাঁদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন। পিরোজপুর: সদর উপজেলার টোনা ইউনিয়নের একটি কেন্দ্রের নির্বাচনী ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে সহিংসতায় গত শনিবার স্থানীয় দুজন, এক পুলিশ এবং একজন র‌্যাব সদস্য আহত হন। গুরুতর আহত পুলিশ সদস্য নূরুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য শনিবার রাতেই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত চেয়ারম্যান প্রার্থী এ কে এম মান্নান মোল্লাসহ নয়জনকে কারাদণ্ড দিয়েছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, মূলগ্রাম বাজারে বসে চেয়ারম্যান প্রার্থী এ কে এম মান্নান মোল্লা ও তাঁর লোকজন ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করে। পুলিশ ও র‌্যাবের সদস্যরা তা নিয়ন্ত্রণ করতে গেলে তারা হামলা চালায়। গলাচিপা (পটুয়াখালী): উপজেলার চিকনিকান্দি ইউপি নির্বাচনে পরাজিত প্রার্থী শিপলু খানের সমর্থকেরা বিজয়ী চেয়ারম্যান প্রার্থী মো. এরশাদ হোসেনের সমর্থকদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সুতাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভোলা: চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউপির নির্বাচন গত শনিবার অনুষ্ঠিত হয়। এ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সদস্য প্রার্থী হিসেবে বল প্রতীক নিয়ে শাজাহান দালাল ও বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে রুহুল আমিন মিজি প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ১০৪ ভোট বেশি পেয়েছেন দেখিয়ে দক্ষিণ-পূর্ব চর ফকিরা কো-এইড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শাহ মো. গোলাম মাওলা সদস্য প্রার্থী শাজাহান দালালকে বিজয়ী ঘোষণা করেন। পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতিতে পুনরায় ভোট গণনা করা হয়। পরে দেখা যায়, রুহুল আমিন মিজি ৩৮৯ ও শাজাহান দালাল ২৬৫ ভোট পেয়েছেন। ঘুষ নিয়ে মো. গোলাম মাওলা সদস্য প্রার্থী শাজাহান দালালকে বিজয়ী ঘোষণা করেছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাঁকে আটক করা হয়েছে।