চার জেলায় পৃথক ঘটনায় গৃহবধূসহ ছয়জন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের চৌগাছা ও শার্শা উপজেলায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় পৃথক ঘটনায় দুই তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঝিনাইদহের শৈলকুপা ও কালীগঞ্জে দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ফরিদপুরের ভাঙ্গায় বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে খুন হয়েছেন এক ব্যবসায়ী। রাজবাড়ী সদর উপজেলায় এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে গতকাল শুক্রবার তাঁর স্বামী আবদুল গনি শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
যশোর: জমির মালিকানা নিয়ে চৌগাছা উপজেলার দিঘড়ী গ্রামের শহিদুলের পরিবারের সঙ্গে আবু হানিফের পরিবারের দ্বন্দ্ব ছিল। বৃহস্পতিবার বিকেলে শহিদুল মাঠে জমির আইল কাটতে গেলে হানিফের পক্ষের লোকজন শহিদুলের ওপর হামলা করে। চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার কিছুক্ষণ পর তিনি মারা যান। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে হানিফের আত্মীয় মতিয়ার রহমানকে (৩৫) আটক করা হয়েছে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বলেন, হানিফের নেতৃত্বে চার-পাঁচজন এলোপাতাড়ি কুপিয়ে শহিদুলকে হত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
এদিকে শার্শা উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের পরিত্যক্ত একটি বাড়ি থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় মহিদুলের (২৫) লাশ উদ্ধার করা হয়েছে। লাশের হাতে ব্লেড দিয়ে কাটা ও মাথায় আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় শার্শার থানার উপপরিদর্শক (এসআই) খায়রুল আলম মামলা করেছেন। শার্শা থানার ওসি (তদন্ত) মহিউদ্দিন আহম্মেদ বলেন, কি কারণে মহিদুলের মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
ঝিনাইদহ: গতকাল শুক্রবার সকালে শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারের আমিরুল ইসলাম ডাক্তারের দোকানের পেছনে একটি বাজারের ব্যাগের মধ্যে একটি মাথা পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ মাথাটি উদ্ধার ও পরে আনুমানিক পাঁচ-ছয় শ শত গজ দূরের একটি মেহগনি বাগান থেকে মস্তকবিহীন দেহ উদ্ধার হয়। নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি।
কালীগঞ্জ উপজেলার মেগুরখিদ্দা গ্রামের ব্যবসায়ী মহসিন আলী নিজ বাড়িসংলগ্ন পোল্ট্রির খামারে রাতে ঘুমিয়ে ছিলেন। শুক্রবার সকালে বাড়ির লোকজন খামারে তাঁর ক্ষত-বিক্ষত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
ফরিদপুর: ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের রায়পাড়া সদরদী গ্রামের শাহিন বেপারীর বাড়িতে বৃহস্পতিবার বেড়াতে আসেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আগদিয়া গ্রামের জুয়েল শেখ (২৫)। জুয়েল ঢাকার হাজারীবাগে কাঁচামালের ব্যবসা করতেন। রাতে খবর পেয়ে জুয়েলের পরিবারের সদস্যরা অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে শাহিন ও তাঁর বাড়ির লোকজন পলাতক আছেন।
এ ঘটনায় গতকাল সকালে জুয়েল শেখের বড় ভাই সোহেল শেখ ভাঙ্গা থানায় মামলা করেছেন। সোহেল শেখ বলেন, ‘শাহিন আমার ভাইকে বিদেশে পাঠাতে চেয়েছিল। বৃহস্পতিবার জুয়েল তিন লাখ ৩০ হাজার টাকা নিয়ে শাহিনের বাড়িতে আসে। টাকার জন্য শাহিন আমার ভাইকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে হত্যা করেছেন।’
মামলার তদন্ত কর্মকর্তা ভাঙ্গা থানার এসআই লিয়াকত আলী বলেন, ঘটনাস্থল থেকে গাঁজাকাটার সরঞ্জামাদি, দুটি সেভেনআপের খালি বোতল, দুটি গ্যাস লাইট ও একটি চটের মাদুর উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন থেকে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
রাজবাড়ী: সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের রূপপুর গ্রামের আবদুল গনির সঙ্গে তাঁর স্ত্রী মোছাম্মৎ বেগমের প্রায়ই ঝগড়া হতো। প্রায় সাড়ে পাঁচ মাস আগে গনি দ্বিতীয় বিয়ে করেন। পরদিন আত্মীয়স্বজনেরা দ্বিতীয় স্ত্রীকে বুঝিয়ে পাঠিয়ে দেন। শুক্রবার ভোরে সংবাদ পেয়ে গনির ছেলে ফারুক শেখ বাড়িতে এসে আত্মীয়স্বজনদের মাধ্যমে জানতে পারেন যে বৃহস্পতিবার রাতে তাঁর মা-বাবার মধ্যে ঝগড়া হয়। ভোর সাড়ে তিনটার দিকে তাঁর বাবার চিৎকার শুনে সবাই তাঁদের ঘরে ছুটে এসে বিছানার ওপর তাঁর মায়ের লাশ দেখতে পান। এ সময় তাঁর বাবা সবাইকে জানান যে মোছাম্মৎ বেগম আত্মহত্যা করেছেন। কিন্তু শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন দেখে আবদুল গনিকে আটক করে পুলিশে দেওয়া হয়। পরে ফারুক শেখ বাদী হয়ে বাবা আবদুল গনি শেখকে আসামি করে মামলা করেন।