চার জেলায় পৌর নির্বাচন না করতে ইসিকে অনুরোধ
সরকার আসন্ন পৌর নির্বাচনের তফসিল থেকে নারায়ণগঞ্জ, কুমিল্লা, টঙ্গী, গাজীপুর ও রংপুরকে বাইরে রাখার অনুরোধ জানিয়েছে। সরকার এসব জেলা বা স্থানকে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করা কিংবা নতুন করে সিটি করপোরেশনে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ায় নির্বাচন কমিশনকে এ অনুরোধ জানানো হয়। জানা গেছে, গতকাল রোববার স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম শহীদ খান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদার সঙ্গে দেখা করে সরকারের এ অবস্থানের কথা জানান। তবে সিইসি সরকারের সিদ্ধান্ত চিঠির মাধ্যমে জানাতে সচিবকে অনুরোধ করেছেন।জানতে চাইলে সচিব আবু আলম শহীদ খান প্রথম আলোকে বলেন, রংপুর বিভাগ ঘোষণা করায় এখন সিটি করপোরেশন হবে। সে ক্ষেত্রে নতুন করে সীমানা নির্ধারণ করতে হবে। এ ছাড়া কুমিল্লা, নারায়ণগঞ্জ, গাজীপুরকে আলাদা আলাদা সিটি করপোরেশনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। ঢাকা সিটি করপোরেশনকে দুটি জোনে ভাগ করার পরিকল্পনা থাকায় টঙ্গী যেকোনো জোনে পড়তে পারে। এসব ক্ষেত্রে নতুন করে সীমানা নির্ধারণ করতে হবে। এসব জেলার কোন কোন পৌরসভা সিটি করপোরেশনের মধ্যে অন্তর্ভুক্ত হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। এসব বিবেচনা থেকে নির্বাচন কমিশনকে সংশ্লিষ্ট জেলার অন্তর্ভুক্ত পৌরসভায় নির্বাচন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।এদিকে সিইসির অনুরোধ অনুযায়ী গতকালই একটি প্রস্তাব স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের কাছে উপস্থাপন করা হয়েছে। মন্ত্রী অনুমোদন করলে আজ চিঠি আকারে বিষয়টি প্রধান নির্বাচন কমিশনারের কাছে পাঠানো হবে।