চার জেলায় প্রাণ গেল পাঁচজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন পাঁচজন। গত শনিবার রাত থেকে গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরায় এসব দুর্ঘটনা ঘটে।
এ নিয়ে গত ৩১ দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কমপক্ষে ২৯৩ জন। প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার অফিস, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নাটোরের সিংড়া উপজেলার খেজুরতলা এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে গতকাল বিকেলে ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। নিহত দুজন হলেন লেগুনার চালক সিংড়া উপজেলার তারাপুর গ্রামের কায়েম উদ্দিন (২৮) ও শিখা রানী (৩০)। আহত ব্যক্তিদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চামাগ্রাম মোড়ে গতকাল সকালে ট্রাকের সঙ্গে একটি ব্যাটারিচালিত রিকশার মুখোমুখি সংঘর্ষে মোখলেসুর রহমান (৩০) নামে রিকশার এক যাত্রী নিহত হয়েছেন। তিনি পৌর এলাকার শিবতলা নামোপাড়া মহল্লার মো. গুলজারের ছেলে। অজ্ঞাতপরিচয় রিকশাচালককে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুরে গতকাল দুপুরে মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দর্শনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহিদুল ইসলাম (৪০) নিহত হয়েছেন। আহত হন অপর আরোহী কামালউদ্দিন সান্টু (৪৫)।
সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া এলাকায় গতকাল সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগলে সামছুর উদ্দীন সরদার (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় তাঁর ছেলে আজিয়ার সরদার (৩০) আহত হন। হতাহতদের বাড়ি তালা উপজেলার মুড়াকুলিয়া গ্রামে।
অন্যদিকে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার বিশ্বরোড মোড় এলাকায় গতকাল সকালে বালুর স্তূপে গাড়ির ধাক্কা লাগায় দুই আরোহী আহত হন।