চার জেলায় বজ্রপাতে আটজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের মিঠামইন ও অষ্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, সুনামগঞ্জের দিরাই এবং ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় গতকাল বুধবার বজ্রপাতে সাতজন মারা গেছে। এর আগে গত মঙ্গলবার অষ্টগ্রামে বজ্রপাতে আরেকজন প্রাণ হারায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:নিকলী (কিশোরগঞ্জ): মিঠামইন উপজেলার উড়িয়ন্দ হাওরে দুপুরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলে দুই কৃষক মারা যায়। তারা হলো উড়িয়ন্দ গ্রামের সোবান মিয়ার ছেলে আলী আকবর ও ঘোপদিঘী ইউনিয়নের পশ্চিম শরিফপুর গ্রামের চান মিয়ার ছেলে রুবেল মিয়া। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ভৈরব (কিশোরগঞ্জ): সকাল আটটার দিকে অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের চৌদন্ত গ্রামের হরিষ চন্দ্র দাস (৫৩) মাছ ধরতে বিলে যান। এ সময় বাজ পড়লে তিনি মারা যান। এর আগে গত মঙ্গলবার দুপুরে উপজেলার ইকুরদিয়া গ্রামে বজ্রপাতে প্রাণ হারান অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ভোরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের মো. নোয়ার মিয়ার ফসলি মাঠে ধান কাটতে যান ছয়জন কৃষিশ্রমিক। সকাল সাড়ে ১০টার দিকে বজ্রপাতে কৃষিশ্রমিক আনোয়ার হোসেন (৩০) ও আনসর আলী (৫০) ঘটনাস্থলেই মারা যান। আনোয়ার দিঘীরপাড় গ্রামের আবু সায়েদ মিয়ার ছেলে। আনসর আলী বিজয়নগর উপজেলার রামপুর গ্রামের বাসিন্দা। এ ছাড়া আহত মিলন মিয়া, আবদুল মান্নান, হাবিব মিয়া ও জামাল উদ্দিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দিরাই (সুনামগঞ্জ): উপজেলার জগদল ইউনিয়নের সিংহনাথ গ্রামের পাশে শিবেরচর হাওরে দুপুরে আবদুল খালেক (৩৫) নামের এক ধান কাটার শ্রমিক বজ্রপাতে মারা গেছেন। তিনি সদর উপজেলার সুরমা ইউনিয়নের ষোলঘর গ্রামের আসসাদ মিয়ার ছেলে। থানার ওসি এনামুল হক ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। কেরানীগঞ্জ (ঢাকা): বিকেলে বৃষ্টির সময় উপজেলার আমিরাবাগ খেলার মাঠে মো. শাহিন (১৫) নামের এক কিশোর বন্ধুদের নিয়ে ফুটবল খেলছিল। এ সময় বজ্রপাতে তার পুরো শরীর ঝলসে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। শাহিন উপজেলার কুশিয়ারবাগ ফয়েজনগর এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে।