চার জেলায় বজ্রপাতে নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের চারটি জেলায় বজ্রপাতে স্কুলছাত্রসহ ছয়জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা থেকে আজ রোববার সন্ধ্যা পর্যন্ত এই প্রাণহানির ঘটনা ঘটেছে। 

বিভিন্ন এলাকা থেকে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:

নেত্রকোনা: জেলার ভিন্ন ভিন্ন এলাকায় বজ্রপাতে একই দিনে তিনজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন মোফাজ্জল মিয়া (১৩), মিলন মিয়া (২২) ও রতন মিয়া (৩০)। আজ রোববার সকালে এসব ঘটনা ঘটে।
মোফাজ্জল মিয়া সদর উপজেলার কারলি গ্রামের আবদুল মজিদের ছেলে। সে চল্লিশা মোক্তাল হোসেন উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। মিলন মিয়া মদনের বালালী গ্রামের বাসিন্দা। তিনি পেশায় জেলে ছিলেন। আর কৃষক রতন মিয়া কেন্দুয়ার বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল সাতটার দিকে মোফাজ্জল বাড়ির সামনের পুকুরে মাছ ধরতে যায়। ওই সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই দিন সকাল ১০টার দিকে মিলন মিয়া স্থানীয় তলার হাওরে মাছ ধরতে যান। আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে অন্য জেলেরা উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন।
একই সময়ে কেন্দুয়ার বিষ্ণুপুর গ্রামের রতন মিয়া গরুর ঘাস কাটতে বাড়ির সামনে দিঘা হাওরে যান। হঠাৎ বজ্রপাতে তাঁর শরীর ঝলসে যায়। স্থানীয় লোকজন উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নেত্রকোনা পুলিশ সুপার জয়দেব চৌধুরী এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নাটোর: বড়াইগ্রাম উপজেলায় বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলার জোয়াড়ি ইউনিয়নের রামাগাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম মোহন মণ্ডল (১৬)। সে রামাগাড়ি গ্রামের সাইদুল মণ্ডলের ছেলে। রামাগাড়ি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল মোহন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় বাড়ির পাশের একটি খালে মাছ ধরছিল মোহন। এ সময় আকস্মিক বজ্রপাতে তার শরীর ঝলসে যায়। স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া: সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বড়ইবাড়ি গ্রামে আজ দুপুরে বজ্রপাতে আবদুল্লাহ মিয়া (৩০) নামের এক কৃষিশ্রমিক নিহত হয়েছেন। তিনি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার চমকপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল থেকে আবদুল্লাহ মিয়াসহ বেশ কয়েকজন কৃষিশ্রমিক বড়ইবাড়ি গ্রামের মিজান মিয়ার জমিতে রোপা আমন ধানের চারা রোপণ করছিল। দুপুরে বজ্রপাত হলে ঘটনাস্থলেই আবদুল্লাহ মারা যান।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মৌলভীবাজার: কুলাউড়ায় বজ্রপাতে কানাই উরাং (৪০) নামের এক কৃষক মারা গেছেন। তাঁর বাড়ি উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের ক্লিভডন চা-বাগানের জানকি জালাই বস্তি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে বাড়ির পাশের জমিতে হালচাষ করার সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই কানাইয়ের মৃত্যু হয়। জয়চণ্ডী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।