চার জেলায় বজ্রপাতে নয়জনের প্রাণহানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার জেলায় গতকাল শুক্রবার বজ্রপাতে নয়জনের প্রাণহানি ঘটেছে৷ এর মধ্যে নওগাঁর মহাদেবপুর ও পোরশা উপজেলায় ছয়জন মারা গেছে৷ বজ্রপাতের এসব ঘটনায় আহত হয়েছে অর্ধশতাধিক৷ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নয়জনের প্রাণহানির কথা স্বীকার করেছে৷
নওগাঁ: প্রত্যক্ষদর্শী ও নওগাঁর মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনায়েত উদ্দিন জানান, উপজেলার সরস্বতীপুর হাটে বজ্রপাতে পাঁচজন মারা গেছেন৷ গতকাল ছিল সরস্বতীপুরের সাপ্তাহিক হাটের দিন৷ সকাল সাড়ে সাতটার দিকে ঝড়-বৃষ্টি শুরু হয়৷ এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনজন মারা যান৷ পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়৷ নিহত ব্যক্তিরা হলেন নওগাঁ সদর উপজেলার ফারাদপুর গ্রামের আজিজার রহমান (৪০), মহাদেবপুরের চৌমাশিয়া গ্রামের হাফিজুর রহমান (৪২), উত্তরগ্রাম পূর্বপাড়ার শামসুল আলম (৩৫), দাশড়া গ্রামের ইয়াকুব আলী (২০) ও ভীমপুর গ্রামের আফজাল হোসেন (২৫)৷
এ ঘটনায় ৫০ জন আহত হন৷ আহতদের মধ্যে চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুজনকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ অন্যদের ভর্তি করা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে৷
এদিকে সকাল সাড়ে নয়টার দিকে নওগাঁর পোরশা উপজেলার পাথরডাঙ্গা গ্রামে সাবিনা ইয়াসমীন (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে৷ ঝড়ের সময় বাড়ির পাশে আম কুড়াতে গেলে বজ্রপাতে তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে৷ তিনি গ্রামের নূর মোহাম্মদের স্ত্রী৷
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামে গতকাল দুপুরে বজ্রপাতে মারা গেছে পায়েল মিয়া (১৬)৷ এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, পায়েল বেলা একটার দিকে গ্রামের মাঠে গরু চড়াতে যায়৷ এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাতে তার মৃত্যু হয়৷ পায়েল শান্টু মিয়ার ছেলে৷ এ ঘটনায় তিনজন আহত হন৷ তাঁরা হলেন একই গ্রামের শাহজাহান মিয়া (২৪), নান্টু মিয়া (২০) ও খাদিজা বেগম (১২)৷ তিনজনকেই ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
বগুড়া: জেলার নন্দীগ্রাম উপজেলায় ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে খাদিজা বেগম (৩৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে৷ উপজেলার থালতা-মাঝগ্রাম ইউনিয়নের বাটদীঘি গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে৷ নিহত খাদিজার স্বামী জিয়াউর রহমান প্রবাসী৷ পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে ঝড়-বৃষ্টি শুরু হলে খাদিজা আম কুড়াতে বাড়ির বাইরে যান৷ এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়৷
চাঁপাইনবাবগঞ্জ: জেলার গোমস্তাপুর উপজেলার মাস্টারপাড়ায় গতকাল সকালে বজ্রপাতে সুমেরা বেগম (৩১) নামের এক গৃহবধূর মৃত্যু হয়৷ তিনি গ্রামের মিজানুর রহমানের স্ত্রী৷ গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আহমেদ জানান, সকাল সাড়ে ছয়টার দিকে বাড়ির পাশের একটি বাগানে আম কুড়ানোর সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান সুমেরা৷
এ বছর বজ্রপাতে গতকালই প্রথম নয়জনের মৃত্যু ঘটল বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবদুল ওয়াজেদ৷ গতকাল সন্ধ্যায় তিনি প্রথম আলোকে বলেন, সাম্প্রতিক সময়ে বজ্রপাতের প্রকোপ বেড়ে গেছে৷ টর্নেডোর সঙ্গে এটি আসে৷ এর দ্রুত আগাম সতর্কতা সব দেশের মতো বাংলাদেশেও করা সম্ভব হয় না৷ গতকাল নওগাঁয় যাঁরা নিহত হয়েছেন, তাত্ক্ষিণকভাবে তাঁদের পরিবারকে জেলা প্রশাসক ২০ হাজার টাকা করে দিয়েছেন বলে জানান আবদুল ওয়াজেদ৷ প্রতিটি জেলায় নিহতদের পরিবারকে সমপরিমাণ অর্থ দেওয়ার নির্দেশ আছে৷ আর আহতদের পাঁচ থেকে ১০ হাজার টাকা করে দেওয়ার নির্দেশ আছে বলেও জানান তিনি৷
গত বছরের মার্চ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দেশে বজ্রপাতে ১৮০ জন মারা যান বলে বেসরকারি সংগঠন বাংলাদেশ দুর্যোগ ফোরাম সূত্রে জানা যায়৷
বড় গাছের অভাব বজ্রপাতের একটা কারণ বলে মনে করেন দুর্যোগ ব্যবস্থাপনা-সংশ্লিষ্ট গবেষকেরা৷ গতকালের প্রতিটি বজ্রপাত ঘটেছে খোলা প্রান্তরে৷ এর পাশাপাশি মুঠোফোন বা কৃষিকাজের ধাতব যন্ত্রাংশের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বজ্রপাতের সংখ্যা বেড়ে গেছে বলে মনে করেন তাঁরা৷
তবে বজ্রপাতের কারণ, কোন অঞ্চলে এর বেশি প্রকোপ রয়েছে, সেসব নির্ণয় বা মানুষকে সতর্ক করার মতো পর্যাপ্ত গবেষণার অভাব রয়েছে বলে জানান আবদুল ওয়াজেদ৷ এর কারণ নিয়ে যথেষ্ট গবেষণা হওয়া উচিত বলে মত দেন তিনি৷
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি; ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি; বগুড়া প্রতিনিধি ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি)