কুমিল্লার দাউদকান্দিতে গতকাল শনিবার প্রাইভেটকারের চাপায় মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। জামালপুরের সরিষাবাড়ীতে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হয়েছে এক এসএসসি পরীক্ষার্থী। গতকাল চাঁদপুর শহর ও শেরপুরের নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন দাউদকান্দি উপজেলার পূর্বপেন্নাই গ্রামের মফিজ মিয়ার স্ত্রী সেলিনা আক্তার (২৮), ছেলে জুনায়েত (৩), সেলিনার বড় বোন রায়পুর এলাকার রকিবুদ্দিনের স্ত্রী নাছরিন আক্তার (৪০), এসএসসি পরীক্ষার্থী সরিষাবাড়ী উপজেলার পাখিমারা গ্রামের আবদুল আজিজের ছেলে আশিকুর রহমান (১৬), চাঁদপুর সদর উপজেলার প্রসন্ডপুর গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী হালেমা বেগম (৪৮) ও নালিতাবাড়ী উপজেলার কালীনগর এলাকার কুবেদ আলীর স্ত্রী ছামিতন বেগম (৭০)।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
দাউদকান্দি (কুমিল্লা): দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে পূর্বপেন্নাই গ্রামের মফিজ মিয়ার স্ত্রী সেলিনা আক্তার বড় বোন নাছরিনকে উপজেলার গৌরীপুরে ডাক্তার দেখানোর পর বাবার বাড়ি উপজেলার রায়পুর গ্রামে যাওয়ার জন্য রওনা দেন। এ সময় সেলিনার ছেলে জুনায়েত তাঁর সঙ্গে ছিল। রায়পুরে পৌঁছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাবার বাড়িতে যাওয়ার সময় একটি প্রাইভেটকার তাঁদের চাপা দিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে জুনায়েত, সেলিনা ও নাছরিন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। পুলিশ বিকেল তিনটার দিকে খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তাঁদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল জানান, প্রশাসন অনুমতি দেওয়ায় ময়নাতদন্ত ছাড়াই নিহত ব্যক্তিদের লাশ বিকেল পাঁচটার দিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাইভেটকারের চালক পলাতক। এ ঘটনায় দাউকান্দি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সরিষাবাড়ী (জামালপুর): পুলিশ ও নিহত ব্যক্তিদের পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের একুশের মোড় এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি মোটরসাইকেলের চালক আশিকুর রহমান ঘটনাস্থলেই নিহত এবং পাঁচজন আহত হন। আহত ব্যক্তিরা হলেন রায়হান সরকার (১৭), শফিকুল ইসলাম (১৬), ফরহাদ হোসেন (১৮), আলামিন (২০) ও আরিফুর রহমান (১৬)। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আশিকুরের রুদ্র বয়ড়া উচ্চবিদ্যালয় থেকে ২০১৭ সালে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম বলেন, মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়েছে। নিহত আশিকের লাশ তার পরিবার নিয়ে গেছে।
চাঁদপুর: চাঁদপুর মডেল থানার পুলিশ জানায়, গতকাল সকালে প্রসন্ডপুর গ্রামের হালেমা বেগম ইজিবাইকে বাড়ি থেকে সদর উপজেলার তরপুরন্ডী গ্রামে ছেলের শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। পথে ঝাঁকুনিতে তিনি ইজিবাইক থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা আলুবোঝাই একটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই হালেমা নিহত হন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকচালক মো. সুলতান, চালকের সহকারী মামুন ও ইজিবাইকের চালক দাদন মাতাব্বরকে আটক করেছে। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উল্যাহ জানান, ঘটনাস্থল থেকে পুলিশ হালেমার লাশ উদ্ধার এবং ট্রাক ও ইজিবাইক জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। হালিমা বেগমের স্বজনদের খবর দেওয়া হয়েছে।
নালিতাবাড়ী (শেরপুর): নিহত ছামিতন বেগমের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা সাতটার দিকে তিনি পৌর শহরের কালীনগর এলাকার বাড়ি থেকে এক প্রতিবেশীর বাড়িতে যাচ্ছিলেন। তিনি দুই লেন সড়ক পার হওয়ার পথে একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিয়ে যায়। পরে এলাকাবাসী তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্মরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফসিহুর রহমান বলেন, ‘এ ব্যাপারে কেউ আমাদের কিছু জানায়নি।’