চার জেলায় লেখাজোকা কর্মশালা অনুষ্ঠিত

হরলিক্স ও কিশোর আলোর আয়োজনে স্বপ্নের গল্প প্রতিযোগিতার অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানের পর ঢাকা, চট্টগ্রাম, যশোর ও বগুড়া শহরে গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে ‘লেখাজোকা’ কর্মশালা। ঢাকায় ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল ও কলেজের কর্মশালাটি পরিচালনা করেন কিশোর আলো সম্পাদক আনিসুল হক ও শিল্পী বিপুল শাহ্। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. শামসুল হক।
ঢাকার বাইরে তিন জেলায় গতকাল লেখা ও আঁকা শেখানোর এ কর্মসূচির খবর এসেছে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় এবং নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির কাছ থেকে।
চট্টগ্রাম: নগরের সিলভার বেলস বালিকা উচ্চবিদ্যালয়ে গতকাল দুপুর ১২টায় শুরু হয় দেড় ঘণ্টাব্যাপী লেখাজোকা কর্মশালা। উদ্বোধন করেন বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষক মীরা ইন্দু। সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক শিহাব জিশান। প্রথমে আঁকার কর্মশালা পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের প্রভাষক শারদ দাশ। পরে লেখার ওপর আলোচনা করেন কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী। এরপর লেখা ও আঁকার নানা বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে ১০ জন ছাত্রী পুরস্কার জিতে নেয়।
যশোর: যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে গতকাল দুপুর সাড়ে ১২টা থেকে এক ঘণ্টার লেখাজোকা কর্মশালা হয়েছে। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের স্বপ্নের গল্প লেখার নানা কলাকৌশল সম্পর্কে বলেন কবি ও লেখক ফকরে আলম। ছবি আঁকার প্রশিক্ষণ দেন চারুপীঠ যশোরের অধ্যক্ষ মাহবুব জামিল। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর প্রতিনিধি মনিরুল ইসলাম। উপস্থাপনায় ছিলেন বন্ধুসভার বন্ধু অরনিকা হক। অনুষ্ঠানে গল্প ও অঙ্কন বিষয়ে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনের প্রত্যেককে পুরস্কার হিসেবে একটি করে কিশোর আলো দেওয়া হয়। অনুষ্ঠানের ফাঁকে মুষ্টিবদ্ধ হাত তুলে ছাত্রছাত্রীরা মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ নেয়।
বগুড়া: বগুড়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে গতকাল বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী লেখাজোকা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহাদৎ আলম স্বাগত বক্তব্য দিয়ে কর্মশালার উদ্বোধন করেন। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মিলন রহমানের সঞ্চালনায় কর্মশালাটি পরিচালনা করেন কবি ও প্রাবন্ধিক তোফাজ্জল হোসেন ও চিত্রশিল্পী চন্দন কুমার রায়। অনুষ্ঠানে বক্তব্য দেন বগুড়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল হান্নান। বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এ কর্মশালায় অংশ নেয়।