চার জেলায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের চরাঞ্চলের কাওয়াকোলা ইউনিয়নের কৈগাড়ী দোরতা মাদ্রাসা কেন্দ্রে নারী ভোটারদের সারি। ছবিটি গতকাল ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে সকাল নয়টায় তোলা l প্রথম আলো
সিরাজগঞ্জের চরাঞ্চলের কাওয়াকোলা ইউনিয়নের কৈগাড়ী দোরতা মাদ্রাসা কেন্দ্রে নারী ভোটারদের সারি। ছবিটি গতকাল ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে সকাল নয়টায় তোলা l প্রথম আলো

সারা দেশে গতকাল বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে দ্বিতীয় দফা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সংঘর্ষ, সহিংসতা থাকলেও বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ ভোটও অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন স্থান থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
চাঁপাইনবাবগঞ্জ: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আটটি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোথাও রীতিমতো ভোট গ্রহণকে কেন্দ্র করে লোকজনের মধ্যে উৎসবের আমেজ দেখা গেছে।
চৌডালা ইউপির বসনিটোলা উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রের বাইরে গ্রাম্য মেলার মতো মাটির হাঁড়িকুড়ি, বেলুন, মুড়ি নিয়ে পসরা সাজিয়ে বসেছেন লোকজন। শিশুদের মাটির তৈরি খেলনাসহ নানা রকমের খেলনা বিক্রি হচ্ছে দেদারসে। বেলা আড়াইটার সময় এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. আলাউদ্দীন জানান, এই কেন্দ্রে ২ হাজার ৩৮১টির মধ্যে ভোট পড়েছে ১ হাজার ৮৪৪টি।
এখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গোলাম কিবরিয়া হাবিব বলেন, ভোট চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
গোমস্তাপুর ইউপির বিএনপির চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার হোসেন বলেন, এ ইউনিয়নসহ সব কটি ইউনিয়নেই শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
জয়পুরহাট: এখানকার সদর উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে তিনটিতে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাকি ছয়টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সেই ছয় ইউনিয়নে ইউপি সদস্যরা প্রতিদ্বন্দ্বিতা করেন।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ মোজাহার আলী প্রধান বলেন, সরকারি দলের বাধায় বিএনপি আটটিতে প্রার্থীই দিতে পারেনি। নানা হুমকি-ধমকির মধ্যেও ভাদসা ইউনিয়নে বিএনপির প্রার্থী ইসমাইল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
তবে গতকাল বৃহস্পতিবার ভোটের দিন সদর উপজেলায় নির্বাচনী মাঠ সরগরম রাখেন ইউপি সদস্য পদপ্রার্থীরা। সকাল থেকে দুপুর পর্যন্ত নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দুপুরের পর ছিল পুরুষ ভোটারদের ভিড়।
ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা তুলসী চন্দ্র মহন্ত বলেন, বেলা সাড়ে ১১টার মধ্যে ৫০ শতাংশ ভোট পড়েছে।
তুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা তুপাড়া গ্রামের হাফিজুল ইসলাম বলেন, ‘কয়েক দিন ধরে শোনোছি ভোট দেওয়া লাগবে না। ১২টার মধ্যে ভোট শ্যাস হবে। দিবা অ্যাশে দেকনো কোনো গোলমাল নাই। ভালোভাবেই ভোট দিছি।’

সিরাজগঞ্জের বড়কয়রা কমিউনিটি ক্লিনিক ভোটকেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে ব্যালট পেপার না পেয়ে ভোট দিতে আসা ভোটাররা কেন্দ্র থেকে ফিরে যান। ছবিটি গতকাল বেলা ১১টার দিকে তোলা l প্রথম আলো
সিরাজগঞ্জের বড়কয়রা কমিউনিটি ক্লিনিক ভোটকেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে ব্যালট পেপার না পেয়ে ভোট দিতে আসা ভোটাররা কেন্দ্র থেকে ফিরে যান। ছবিটি গতকাল বেলা ১১টার দিকে তোলা l প্রথম আলো

জয়পুরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
নওগাঁ: পত্নীতলা ও ধামইরহাটের ১৯টি ইউনিয়ন পরিষদে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
গতকাল পত্নীতলা ও ধামইরহাটের বিভিন্ন ইউপিতে গিয়ে দেখা যায় ভোটারদের দীর্ঘ সারি। নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
পত্নীতলা উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, পত্নীতলায় ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ধামইরহাট উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার আটটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, ‘ভোটের পরিবেশ শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক পুলিশ, র্যা ব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অপ্রীতিকর ঘটনা এড়াতে নির্বাচনী এলাকায় কাজ করেছেন। নির্বাচনী এলাকায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার অভিযোগ আমাদের কাছে আসেনি।’
পাবনা: পাবনার ফরিদপুর ও ভাঙ্গুড়া উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে গতকাল বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। তবে ভোটকেন্দ্রের বাইরে শান্তিপূর্ণ পরিবেশ থাকলেও ভেতরে প্রকাশ্যে ব্যালটে সিল মারা ও জাল ভোট প্রদানের অভিযোগ করেছেন বিএনপিসহ স্বতন্ত্র প্রার্থীরা।
হাদল ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী জহুরুল ইসলাম অভিযোগ করেন, সকাল নয়টার সময় সরকারদলীয় প্রার্থীর লোকজন পাঁচটি ভোটকেন্দ্র থেকে তাঁর এজেন্টদের বেড় করে দিয়ে জাল ভোট দেওয়া শুরু করেন। পরে অন্য কেন্দ্রগুলো থেকেও এজেন্টদের বেড় করে দেওয়া হয়।
ডেমরা ইউনিয়নে বিএনপির বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী মলয় কুমার কুণ্ডু অভিযোগ করেন, ভোটকেন্দ্রের বাইরে শান্তিপূর্ণ পরিবেশ থাকলেও ভেতরের পরিবেশ ঠিক ছিল না।
পাবনা জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, কিছু বিছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হয়েছে।
শিবগঞ্জ: উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বচন মোটামুটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। গতকাল উপজেলার মাঝিহট্ট ইউপির দামগাড়া ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন। কথা হয় ভোটার গোলাম রব্বানীর সঙ্গে। তিনি বলেন, ‘ভোটের আগে অনেক ভয় পেয়েছিলাম। ভোট দিতে পারব কি না, তা নিয়ে শঙ্কায় ছিলাম। এখন নির্বিঘ্নে ভোট দিতে পেরে আমি অনেক খুশি।’
এদিকে রায়নগর ইউপির সেকেন্দ্রাবাদ দাখিল মাদ্রাসা কেন্দ্রে বিকেল সাড়ে পাঁচটার দিকে ভোট গণনার সময় বাইরে থেকে ভোটকেন্দ্র লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রের বাইরে থেকে ইউপি সদস্য পদপ্রার্থী ইউনুছ আলীকে (৫০) তিনটি ককটেলসহ আটক করেন।