চার জেলায় শিবিরের অর্ধদিবস হরতাল

কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলায় আজ রোববার ছাত্রশিবিরের ডাকা অর্ধদিবস হরতাল শেষ হয়েছে।
১০ অক্টোবর চুয়াডাঙ্গার দর্শনায় পুলিশের সঙ্গে সংঘর্ষের একপর্যায়ে শিবিরের নেতা রফিকুল ইসলাম নিহত হন। ওই ঘটনার প্রতিবাদে চার জেলায় আজ ১৩ অক্টোবর পূর্ণদিবস হরতাল ডাকে শিবির। তবে পরে হরতালের সময় কমিয়ে সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত করা হয়।
নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন
কুষ্টিয়া: হরতাল ডেকে কুষ্টিয়ায় মাঠে ছিলেন না শিবিরের নেতা-কর্মীরা। আন্তজেলা বাস চলাচল স্বাভাবিক ছিল। কোথাও কোনো মিছিল বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সতর্ক অবস্থানে ছিল পুলিশ।
শহরের ব্যস্ততম এনএস রোডের দুই পাশের সবগুলো বিপণিবিতান খোলা রয়েছে। সকাল থেকেই এসব বিপণিবিতানে কেনাকাটা চলছে।
কুষ্টিয়া-ঝিনাইদহ ও কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক এবং কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ট্রাক, বাসসহ বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা গেছে।
মেহেরপুর: আজ সকালে মেহেরপুরে টায়ারে আগুন, ঝটিকা মিছিল, সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন শিবিরের কর্মীরা।

ভোর ছয়টার দিকে রাজনগর বাজার ও দীনদত্ত ব্রিজের সামনে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে ঘণ্টাব্যাপী অবরোধ ও বিক্ষোভ করে হরতালকারীরা।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই শিবিরের নেতা-কর্মীরা কর্মসূচি শেষ করেন।
হরতালের কারণে মেহেরপুর থেকে দূরপাল্লার ও আন্তনগর কোনো যানবাহন চলাচল করেনি। শহরের দোকানপাট বন্ধ ছিল। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
চুয়াডাঙ্গা: হরতালের সমর্থনে ছাত্রশিবিরের কর্মীরা ভোর সাড়ে ছয়টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে ডিঙ্গেদহ বাজারে একটি মিছিল বের করেন। তাঁরা টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন।
চুয়াডাঙ্গা থেকে পুলিশ প্রহরায় দূরপাল্লার যানবাহন ছাড়ে। অভ্যন্তরীণ রুটে ইজিবাইক ও রিকশাভ্যান চলতে দেখা গেছে।
শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ঝিনাইদহ: শিবিরের ডাকা অর্ধদিবস হরতালে ঝিনাইদহে সকাল থেকে কোনো পিকেটিং দেখা যায়নি। হরতালে দূরপাল্লার কোনো যান চলেনি। তবে অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। বেশির ভাগ দোকানপাট বন্ধ ছিল। অফিসের কাজকর্ম চলছে।