চার জেলায় শিবিরের হামলা
রাজশাহী, সাতক্ষীরা, দিনাজপুর ও ফরিদপুর শহরে গতকাল সোমবার ঝটিকা মিছিল করে পুলিশের ওপর হামলা চালিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। ভাঙচুর করেছেন পুলিশের তিনটি পিকআপ ভ্যান ও লাশবাহী দুটি মাইক্রোবাস। রাজশাহীতে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার সময় কমপক্ষে ১৫টি ককটেল বিস্ফোরণ ঘটান শিবিরের কর্মীরা। শিবিরের হামলায় আহত ১১ পুলিশ সদস্য বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পুলিশ ১৩ শিবির কর্মীকে আটক করেছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতাদের মুক্তির দাবিতে শিবিরের নেতা-কর্মীরা গতকাল ঝটিকা মিছিল বের করেন। বাধা দিলে পুলিশের ওপর হামলা চালান তাঁরা।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রের বরাত দিয়ে জানাচ্ছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা: রাজশাহী: সকাল ১০টার দিকে নগরের বিনোদপুর বাজার এলাকায় শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়। প্রায় ১০ মিনিট স্থায়ী সংঘর্ষে শিবির ১৫টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪৫ থেকে ৫০টি রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। আহত পুলিশ সদস্য রুহুল আমিন ও মিরাজুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বিকেলে নগরের লক্ষ্মীপুর এলাকা থেকে ঝটিকা মিছিল বের করে শিবিরের কর্মীরা লাশ বহনকারী দুটি মাইক্রোবাস ভাঙচুর এবং রাস্তায় আগুন জ্বেলে বিক্ষোভ করেন। এসব ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।সাতক্ষীরা: শহরের সুন্দরবন টেক্সটাইল মিল এলাকায় বিকেল পাঁচটার দিকে শিবিরের নেতা-কর্মীরা পুলিশের রাইফেল কেড়ে নিয়ে সাত পুলিশকে পেটান এবং পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ ১০টি কাঁদানে গ্যাসের শেল ও একাধিক রাবার বুলেট নিক্ষেপ করে। পুলিশ ঘটনাস্থল থেকে দুই শিবির কর্মীকে আটক করে। দিনাজপুর: শহরের নিমতলা মোড় থেকে সকাল ১০টার দিকে ৫০ থেকে ৬০ জন শিবির কর্মী ব্যানার ও লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করেন। মুন্সিপাড়া এলাকায় পুলিশ বাধা দিলে শিবির কর্মীরা তাদের ওপর হামলা চালান এবং পুলিশের দুটি পিকআপ ভ্যান ভাঙচুর করেন। এ সময় কোতোয়ালি পুলিশের এসআই মামুন ও পিকআপ চালক মো. রফিকুল আহত হন।জয়পুরহাট: বেলা ১১টার দিকে শিবির কর্মীরা শহরের আমতলী এলাকায় রাস্তায় টায়ারে আগুন দেওয়ার চেষ্টা করেন। পুলিশ ধাওয়া দিলে তাঁরা ইটের টুকরা ও পাথরসহ ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যান। পুলিশ দুই শিবির কর্মীকে গ্রেপ্তার করে।ফরিদপুর: শহরের জনতা ব্যাংকের মোড় এলাকায় বেলা ১১টার দিকে শিবিরের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর ইট ও পাথর ছোড়া হয়। এ সময় দৈনিক সংগ্রাম-এর ফরিদপুর প্রতিনিধি মো. আশরাফুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ।কোতোয়ালি থানার এসআই নজরুল ইসলাম বলেন, হামলাকারীদের ছত্রভঙ্গ করার সময় বাধা দিলে আশরাফুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।বগুড়া: সকালে শহরের সাতমাথা এলাকায় মিছিল বেশ কয়েকটি সড়ক বিভাজন খণ্ড ও সড়ক বিভাজন প্রাচীর ভেঙে ফেলেন শিবির কর্মীরা। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা স্টেশন সড়ক হয়ে সটকে পড়েন।সুনামগঞ্জ: শহরের পুরোনো বাসস্টেশন এলাকায় দুপুরে মিছিলে ধাওয়া দিয়ে দুই শিবির কর্মীকে আটক করে পুলিশ। ইসলামী বিশ্ববিদ্যালয়: ক্যাম্পাসে সব ধরনের মিছিল, সভা ও সমাবেশের ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গতকাল মিছিল ও সমাবেশ করেছেন শিবিরের নেতা-কর্মীরা।