চার জেলায় শিশুসহ নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ময়মনসিংহের ভালুকায় গতকাল সোমবার একজন প্রাণ হারিয়েছেন। একই দিন ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে একজন এবং নেত্রকোনা সদরের নেত্রকোনা-আমতলা সড়কে এক শিশু প্রাণ হারিয়েছে।
চৌদ্দগ্রামে প্রাণহানির শিকার দুজন হলেন চৌদ্দগ্রাম উপজেলার কাইচ্ছুটি গ্রামের গোলাম রাব্বানী (২৯) ও লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার অলিপুর গ্রামের আবদুর রহিম (৩৫)। ভালুকায় নিহত ব্যক্তির নাম বাবু (৩০)। তাঁর বাড়ি শেরপুরের হাড়জোড়া গ্রামে। সরাইলে প্রাণহানির শিকার হন আলম মিয়া (২৬)। তিনি রংপুরের তারাগঞ্জ উপজেলার ভেমপুর গ্রামের বাসিন্দা। নেত্রকোনায় নিহত শিশুটির নাম কাউসার মিয়া (৬)। সে রায়দুমরুহি নয়াপাড়া গ্রামের চান মিয়ার ছেলে।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুমিল্লা: চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মাহফুজ বলেন, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে পদুয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে চালক আবদুর রহিম তাঁর অটোরিকশা থামান। এ সময় যমুনা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে রহিমের মৃত্যু হয়। এর আগে গত রোববার সন্ধ্যায় লাটিমি এলাকায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে একটির চালক সৌদিপ্রবাসী গোলাম রাব্বানী মারা যান।
ময়মনসিংহ অফিস: ভালুকা মডেল থানার ওসি মামুন অর রশিদ বলেন, গতকাল বেলা একটার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা থেকে ভালুকাগামী একটি যাত্রীবাহী বাস মেহেরবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে উল্টে পড়ে। এতে বাবু নামের এক যাত্রী ঘটনাস্থালে মারা যান।
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ঢাকা-সিলেট মহাসড়কের পশ্চিম কুট্টাপাড়া এলাকায় গতকাল বেলা ১১টার দিকে হবিগঞ্জ থেকে ঢাকাগামী অগ্রদূত পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে পণ্যবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মহাসড়কের ওপর ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকচালক আলম মিয়া ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এক ঘণ্টা পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস স্টেশনের লোকজন মহাসড়কের ওপর থেকে ট্রাক ও বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
নেত্রকোনা: এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, গতকাল বেলা দুইটার দিকে রায়দুমরুহি এলাকায় বাড়ির সামনে আমতলা-নেত্রকোনা সড়কের পাশে খেলার সময় বালুবোঝাই একটি ট্রলি কাউসারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পুলিশ অভিযান চালিয়ে বিকেল চারটার দিকে ট্রলিসহ চালক তপন সরকারকে (২৮) আটক করেছে।