চার জেলায় শীতবস্ত্র পেলেন আরও ৪০০ নারী-পুরুষ
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল সোমবার খুলনার ডুমুরিয়া, নড়াইল, মেহেরপুর ও নাটোরের গুরুদাসপুরে হতদরিদ্র ৪০০ নারী-পুরুষের মধ্যে কম্বল ও অন্য শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকার প্রথম আলোর প্রতিনিধিদের তত্ত্বাবধানে বন্ধুসভার সদস্যরা এসব শীতবস্ত্র বিতরণ করেন। প্রতিনিধিদের পাঠানো খবর:ডুমুরিয়া (খুলনা): উপজেলার আরাজী, সাজিয়াড়া, ডুমুরিয়া, গুটুদিয়া, সাহস, কুমারঘাটা, ঘোষগাতি, কাঞ্চননগর, শরাফপুর, চিংড়া, শোভনা ও মাগুরাঘোনা গ্রামের ১০০ নারী-পুরুষ ও শিশুকে কম্বল দেওয়া হয়েছে। ডুমুরিয়া সরকারি বালিকা বিদ্যালয় মাঠে সকালে এক অনুষ্ঠানে তাদের হাতে এই কম্বল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিরুবালা বিশ্বাস, ডুমুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য তহমিনা বেগম, শোভনা ইউপি সদস্য এস রফিক, শিক্ষক প্রীতি চ্যাটার্জি, সমাজসেবী মোশাররফ হোসেন, জি এম শরিফুল ইসলাম, মাহাবুর রহমান, অরুণ দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন। নড়াইল: জেলা শহর ও আশপাশের বিভিন্ন স্থানের ১০০ অসহায় পরিবারকে কম্বল দেওয়া হয়েছে। বিকেলে সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে এক অনুষ্ঠানে এসব কম্বল বিতরণ করা হয়। গৌরাঙ্গ দেবনাথ, সাহেব আলী ও ইশারত মোল্লা নামের তিনজন দুস্থ মুক্তিযোদ্ধা এগুলো বিতরণ করেন। কম্বল পেয়ে আদিবাসী সমপ্রদায়ের বৃদ্ধা কাঞ্চনবালা বলেন, ‘এ কয়দিন জারে (শীতে) অনেক কষ্ট পাইছি। আজকে একটু শান্তিতি ঘুমাতি পারবানি।’মেহেরপুর: কবি নজরুল শিক্ষা মঞ্জিল মাঠে এক অনুষ্ঠানে ১০০ জনের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আবুল বাশার, মেহেরপুর সরকারি কলেজের গ্রন্থাগারিক মিনা পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন। শীতবস্ত্র পেয়ে মেহেরপুরের কালাচাঁদপুর ও শেখপাড়া গ্রামের আক্কাছ আলী (৬৭) ও খোদেজা খাতুন (৬১) বলেন, ‘জ্বারির (শীত) জ্বালায় কতদিন আত্রি (রাত্রি) ঘুমায়নিকো। ইবার শান্তিতি ঘুমাব।’ গুরুদাসপুর (নাটোর): চাঁচকৈড় বালিকা দাখিল মাদ্রাসা মাঠে সকালে ১০০ জন দুস্থ ব্যক্তির মধ্যে কম্বল ও পুরোনো কাপড় বিতরণ করা হয়েছে। এ সময় অন্যদের মধ্যে মাদ্রাসার অধ্যক্ষ মো. এমদাদুল হক ও ব্যবসায়ী নেতা বরকত আলী উপস্থিত ছিলেন।সহায়তা অব্যাহত: দুস্থ ব্যক্তিদের কাছে শীতবস্ত্র পৌঁছে দিতে প্রথম আলো ট্রাস্টের ত্রাণ তহবিলে বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানের অর্থ ও শীতবস্ত্র সহায়তা অব্যাহত রয়েছে। গতকাল পর্যন্ত ত্রাণ তহবিলে জমা পড়েছে ২২ লাখ ১০ হাজার ১৪০ টাকা। এ টাকায় কম্বল কিনে দেশের বিভিন্ন এলাকায় বিতরণের জন্য পাঠানো হয়েছে। এ ছাড়া তহবিলে জমা পড়েছে ছয় হাজার ৬৮টি কম্বল, ৪৩৩টি সোয়েটার, ২২ বস্তা পুরোনো কাপড় ও ১৭০টি চাদর। এ পর্যন্ত ১৫ হাজার একজনকে কম্বল ও শীতবস্ত্র দেওয়া হয়েছে।