চার জেলায় শীতবস্ত্র বিতরণ
গাইবান্ধা, সিরাজগঞ্জ, নীলফামারী ও দিনাজপুরে বেসরকারি ও সরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে গতকাল রোববার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
গাইবান্ধা: সাঘাটার কচুয়াহাটে সামছুজ্জোহা মেমোরিয়াল বৃদ্ধাশ্রমের উদ্যোগে গতকাল দুপুরে বিভিন্ন এলাকার ৫০ জন বিধবা ও বৃদ্ধাকে কম্বল দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঘাটা ইউপির সাবেক চেয়ারম্যান মীর কাসেম মণ্ডল, উল্লা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান ফারুক, পুলিশ কর্মকর্তা আনিছুর রহমান, সোনালী ব্যাংকের কর্মকর্তা ফরহাদুজ্জামান, জনতা ব্যাংকের সাবেক কর্মকর্তা আজাদুল ইসলাম, বৃদ্ধাশ্রমের পরিচালক সুলতানা শামীমারা বেগম, সাঘাটা ডিগ্রি কলেজের শিক্ষক আবদুর রাজ্জাক মণ্ডল প্রমুখ।
সিরাজগঞ্জ: জেলা পুলিশের পক্ষ থেকে গতকাল বিকেলে দুস্থ দেড় শতাধিক ব্যক্তির মাঝে কম্বল বিতরণ করা হয়। পুলিশ সুপার কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর আলম খান, আবু ইউসুফ, মোতাহার হোসেন ও বিমান কুমার; কোর্ট পরিদর্শক মো. শহীদুল্লাহ ও গোয়েন্দা পুলিশের ওসি ওহেদুজ্জামান প্রমুখ।
সৈয়দপুর (নীলফামারী): সৈয়দপুরে তুলশীরাম বালিকা উচ্চবিদ্যালয় মাঠে ফেসবুক-ভিত্তিক স্থানীয় সামাজিক সংগঠন ‘শিকড়’ সকালে ৯০০ দুস্থ ব্যক্তির মাঝে গরম কাপড়ের জামা বিতরণ করে।
বিরামপুর (দিনাজপুর): নবাবগঞ্জ উপজেলার ৮০০ দুস্থ ব্যক্তির মাঝে গতকাল কম্বল বিতরণ করে রোটারি ক্লাব ও মো. আবু সিদ্দিক মেমোরিয়াল ট্রাস্ট। এ উপলক্ষে নবাবগঞ্জ হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসি মো. ইসমাইল হোসেন, রোটারি ক্লাবের কর্মকর্তা এ কে এম আবদুস সালাম প্রমুখ।