চার জেলায় শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সরকারি মহিলা কলেজ মাঠ, লক্ষ্মীপুরের মেগারচর এলাকা ও টাঙ্গাইলের মির্জাপুর কলেজ মাঠে গতকাল সোমবার প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ৪২০টি কম্বল বিতরণ করা হয়েছে। এর আগে গত কয়েক দিনে বাগেরহাটের বিভিন্ন এলাকায় দুই শ কম্বল বিতরণ করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: গাইবান্ধা: সদর উপজেলার দুর্গাপুর, বালুয়া, বোয়ালি, খোলাহাটি, রামচন্দ্রপুর ও পুলবন্দি গ্রাম এবং পৌর এলাকার সুখনগর, পলাশপাড়া, মুন্সিপাড়া ও পূর্বপাড়া এলাকার ১০০ জন গরিব নারী-পুরুষকে এদিন কম্বল দেওয়া হয়। কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন: কলেজের অধ্যক্ষ সুলতানা সেলিনা, উপাধ্যক্ষ শামছুল হক, শিক্ষক খন্দকার সারওয়ার হোসেন ও শহিদুর রহমান এবং গাইবান্ধা বন্ধুসভার সাধারণ সম্পাদক নাহিদ হাসানসহ অন্য বন্ধুরা, শাহাবুল শাহীন প্রমুখ। লক্ষ্মীপুর: সদর উপজেলার মেগারচর এলাকায় দুই শতাধিক অসহায় নারী ও শিশুকে শীতবস্ত্র দেওয়া হয়। এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবু ইউসুফ, বন্ধুসভার সাধারণ সম্পাদক জুয়েলসহ অন্যরা উপস্থিত ছিলেন।মির্জাপুর (টাঙ্গাইল): বিকেলে মির্জাপুর কলেজ মাঠে উপজেলা বাইমহাটী, বাওয়ার কুমারজানী, পোষ্টকামুরী, গাড়াইল, ত্রিমোহন, গোড়াইল ও ভাওড়া গ্রামের ১২০ জন শীতার্তকে কম্বল দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন: মির্জাপুর বন্ধুসভার সাবেক সভাপতি এম লিয়াকত আলী খান, সাধারণ সম্পাদক হোসনি জুবাইরি, মির্জাপুর পৌরসভার প্যানেল মেয়র আজম খান প্রমুখ। বাগেরহাট: শহরের বস্তিবাসীসহ জেলার বিভিন্ন এলাকায় গত কয়েক দিনে দরিদ্র শীতার্তদের মাঝে দুই শ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। স্থানীয় প্রতিনিধি ও বন্ধুসভার সদস্যরা এলাকাগুলোতে এসব কম্বল বিতরণ করেন। সহায়তা অব্যাহত: দুস্থ ব্যক্তিদের কাছে শীতবস্ত্র পৌঁছে দিতে প্রথম আলো ট্রাস্টের ত্রাণ তহবিলে বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানের অর্থ ও শীতবস্ত্র সহায়তা অব্যাহত রয়েছে। রোববার পর্যন্ত ত্রাণ তহবিলে জমা পড়েছে ২০ লাখ ৭ হাজার ৯৮০ টাকা। এ টাকায় কম্বল কিনে দেশের বিভিন্ন এলাকায় বিতরণের জন্য পাঠানো হয়েছে। এ ছাড়া তহবিলে জমা পড়েছে পাঁচ হাজার ৭১১টি কম্বল, ৪৩৩টি সোয়েটার, ২২ বস্তা পুরোনো কাপড় ও ১৭০টি চাদর। এ পর্যন্ত ১২ হাজার ৭৭৬ জনকে কম্বল ও শীতবস্ত্র দেওয়া হয়েছে। সহায়তা করতে চাইলে: সমাজের দানশীল ব্যক্তি বা প্রতিষ্ঠান শীতার্ত মানুষের জন্য প্রথম আলো ট্রাস্ট ত্রাণ তহবিলে শীতবস্ত্র প্রদান ও আর্থিক সহায়তা করতে পারেন। প্রথম আলো কার্যালয়ে ৮১৮০০৭৮-৮১ নম্বরে ফোন করে ট্রাস্টে যোগাযোগ করতে পারেন। এ ছাড়া পাঠাতে পারেন প্রথম আলো ট্রাস্ট/ত্রাণ তহবিল হিসাব নম্বর: (২০৭.২০০.১১১৯৪) ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকায়। প্রয়োজনে প্রথম আলো ট্রাস্টের সমন্বয়কারী আজিজা আহমেদ, মুঠোফোন: ০১৯১৪৬০০৭৭০ নম্বরে যোগাযোগ করা যাবে।