চার জেলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন সংস্থা ও সংগঠন গত শুক্রবার ও গতকাল শনিবার নীলফামারী, পঞ্চগড়, লালমনিরহাট ও কুড়িগ্রামে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নীলফামারী: গতকাল দুপুরে জেলা সদরের দারোয়ানী বাজার চৌরঙ্গী মাঠে কমিউনিটি পুলিশিং দুস্থ শীতার্ত ৯০০ পরিবারের মাঝে একটি করে কম্বল বিতরণ করেছে। এর আগে সেখানে সদর উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের আহ্বায়ক ইটাখোলা ইউপি চেয়ারম্যান হাফিজুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারীর পুলিশ সুপার জাকির হোসেন খান।
পঞ্চগড়: তেঁতুলিয়ার দরজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গত শুক্রবার সীমান্ত এলাকার বিভিন্ন স্কুলপড়ুয়া শিশুশিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শিশুস্বর্গ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন সরকারি-বেসরকারি সাতটি বিদ্যালয়ের সহস্রাধিক শিশুশিক্ষার্থীর মাঝে এসব কম্বল বিতরণ করে। পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহমুদুল আলম প্রধান অতিথি ছিলেন।
এর আগে সেরা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি ও গুণী শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়।
লালমনিরহাট: জেলার আদিতমারী ও কালীগঞ্জ উপজেলার পৃথক দুটি স্থানে গতকাল দুপুরে শীতার্ত মানুষের মাঝে এক হাজার কম্বল বিতরণ করেছে এডিশন গ্রুপের সিম্ফনি মোবাইল কর্তৃপক্ষ। আদিতমারী উপজেলার সাকোয়ার মনজিল টেকনিক্যাল কলেজ ও কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার আরআরএমপি সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এসব কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদিতমারীর ইউএনও জহুরুল ইসলাম ও কালীগঞ্জের ইউএনও শাহিনুর রহমান।
কুড়িগ্রাম: সকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির পক্ষ থেকে তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসপি মোহাম্মদ তবারক উল্লাহ্, জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ।