চার জেলায় সংঘর্ষ, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গত শুক্রবার যশোরের কেশবপুর ও জয়পুরহাটের কালিয়ায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থীদের কর্মীদের মারধর করার অভিযোগ পাওয়া গেছে। কালিয়ায় বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করারও অভিযোগ রয়েছে। 

গতকাল শনিবার জামালপুরের সরিষাবাড়ীতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কার্যালয় ও কুমিল্লার তিতাসে বিএনপির প্রার্থীর প্রচার মাইক ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কেশবপুর (যশোর): পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় হাসানপুর ইউপির হাসানপুর বাজারে বুড়িহাটি গ্রামের জাহাঙ্গীর আলম, আবুল কাশেম, বুড়িহাটি এম এল হাইস্কুলের প্রধান শিক্ষক শাজাহান আলীকে হাতুড়িপেটা করা হয়। তাঁরা বিদ্রোহী প্রার্থী আলতাফ হোসেনের কর্মী। আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী শাহিদুজ্জামান তাঁদের হাতুড়িপেটা করেন বলে অভিযোগ করেন আলতাফ। শাহিদুজ্জামান বলেন, ‘আমি একজন প্রার্থী হিসেবে কারও গায়ে হাত তুলতে পারি না। বরং আলতাফের লোকেরাই আমাদের অফিস ভাঙচুর করেছেন।’ একই দিন বিকেলে মজিদপুর ইউপির প্রতাপপুর বাজারে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলামের কর্মীদের প্রচারণায় বাধা দেওয়া ও তাঁদের মারধরের অভিযোগ পাওয়া গেছে। শহিদুল বলেন, আওয়ামী লীগের প্রার্থী গোলাম সরোয়ারের লোকজন তাঁদের মারধর করেন। এরপর তাঁরা দেউলী বাজার মোড়ের চারটি দোকান ভাঙচুর করেন। তবে অভিযোগ অস্বীকার করে গোলাম সরোয়ার বলেন, ‘দেউলী মোড়ে আমার কর্মীদের ধরে ধরে মেরেছেন শহিদুলের কর্মীরা।’
এ ছাড়া মঙ্গলকোট ইউপিতে শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মনোয়ার হোসেনের কর্মীরা মঙ্গলকোট বাজারে নৌকা প্রতীকের প্রচার মাইক ও ইজিবাইক ভাঙচুর করেন। এরপর উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। তবে মনোয়ার হোসেন বলেন, ‘গতকাল নৌকা প্রতীকের লোকেরা আমাদের কর্মীদের ইট মেরে মাথা ফাটিয়ে দিয়েছেন। নৌকার মাইক কারা ভাঙচুর করেছে, তা আমার জানা নেই।’
জয়পুরহাট: কালাই থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার কালাইয়ের জিন্দারপুর ইউপির আওয়ামী লীগের প্রার্থী জিয়াউর রহমান ও বিদ্রোহী প্রার্থী আবদুস সোবহানের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
আবদুস সোবহানের বড় ভাই ছইমুদ্দীন মণ্ডল বলেন, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ইটাইল গ্রামে তাঁর ভাইয়ের কর্মী-সমর্থকেরা আনারস মার্কার পোস্টার টানাতে গেলে নৌকা মার্কার কর্মীরা বাধা দেন। এ নিয়ে সেখানে হাতাহাতি হয়। এরপর নৌকা মার্কার কর্মীরা মোলামগাড়ি বাজারে তাঁর ভাইয়ের দুটি ব্যবসাপ্রতিষ্ঠান ও তিনটি দোকানে ভাঙচুর চালান। তবে নৌকা মার্কার প্রার্থীর কর্মী-সমর্থকেরা বলেন, ইটাইল গ্রামে আনারস মার্কার কর্মীরা নৌকা মার্কার পোস্টার লাগানোয় বাধা দেন। এ সময় বাতেন নামের নৌকা মার্কার এক কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়। নৌকা প্রতীক পুড়িয়ে দেওয়া হয়।
সরিষাবাড়ী (জামালপুর): সরিষাবাড়ীর পোগলদিঘা ইউপির আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আবুল ফজল মো. শাহানশাহ বলেন, ‘গতকাল বিকেলে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সামস উদ্দিনের লোকজন আমার নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেন। এ সময় আমার দুই কর্মীকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। আহত সোবাত আলী ও মনিরুজ্জামানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’ সামস উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, আবুল ফজলের কর্মীদের মধ্যে টাকা ভাগ-বাঁটোয়ারা নিয়ে কলহের জেরে কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে।’
কুমিল্লা: জেলার তিতাস উপজেলার বলরামপুর ইউপির বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল আহাম্মদ ভূঁইয়ার প্রচারণার মাইক ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। তোফায়েল আহাম্মদ বলেন, ‘গতকাল বেলা ১১টায় আমার নির্বাচনী প্রচারের জন্য ব্যবহৃত মাইক ও সাউন্ড সিস্টেম বাতাকান্দি বাজারে ভাঙচুর করেন আওয়ামী লীগের প্রার্থী মো. নূর নবীর সমর্থকেরা।’ নূর নবী বলেন, তোফায়েলের অভিযোগ সত্য নয়।