চার জেলায় সাতজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জকিগঞ্জ, হবিগঞ্জের লাখাই, কুমিল্লার হোমনা ও ময়মনসিংহের ফুলপুরে গতকাল মঙ্গলবার ও গত সোমবার হামলা ও সংঘর্ষে সাতজন খুন হয়েছেন।
নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সিলেট: জকিগঞ্জে নিহত দুজন হচ্ছেন নোয়াগ্রামের সমজিব আলীর ছেলে মখলিছুর রহমান (৩০) ও জমির আলীর ছেলে খসরু মিয়া (৩২)। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, নিহত মখলিছুর ও খসরু মিয়া সম্প্রতি দুটি বসতঘর তোলেন। এ দুটি ঘরে তাঁদের প্রতিবেশী চাচাতো দুই ভাইয়ের জায়গা ঢোকে। এ নিয়ে দুই পক্ষে বিরোধ দেখা দিলে গতকাল সকালে মাপজোখ করে জায়গা বের করার সিদ্ধান্ত হয়। একজন জরিপকারী এসে জায়গা মাপ দেওয়ার আগেই মখলিছুর ও খসরুর সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে প্রতিপক্ষ। একপর্যায়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের (সুলপি) আঘাতে দুজনই ঘটনাস্থলে মারা যান।
হবিগঞ্জ: জেলার লাখাই উপজেলার নোওয়াগাঁও গ্রামে গতকাল মঙ্গলবার ও গত সোমবার রাতে আধিপত্য বিস্তার নিয়ে একই সংঘর্ষের ঘটনায় আবদুল আজিজ (২৫) ও শাহেদ মিয়া (৫৫) নামে দুই ব্যক্তি খুন হয়েছেন। লাখাই থানা পুলিশ জানায়, উপজেলার নোওয়াগাঁও গ্রামের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মালেক মিয়ার সঙ্গে একই গ্রামের সাবেক ইউপি সদস্য জলিল মিয়ার আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। সোমবার রাতে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রতিপক্ষের বল্লমের আঘাতে মালেক মিয়ার ভাই শাহেদ মিয়াসহ (৫০) পাঁচজন আহত হন। শাহেদকে রাতে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। জলিল মিয়ার পক্ষের আহত আবদুল আজিজকে (২৫) গতকাল ভোর চারটায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনেরা। সেখানে এক ঘণ্টা পর আজিজ মারা যান। এ ঘটনায় পুলিশ গতকাল নাজির মিয়া, জাহান মিয়া ও আবদুর নুরকে আটক করেছে।
দাউদকান্দি (কুমিল্লা): কুমিল্লার হোমনা উপজেলায় আবদুল কাদের (২৫) নামের এক সিঙ্গাপুরপ্রবাসী খুন হয়েছেন। গত সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার মনিপুর গ্রামের বউ বাজারে এ ঘটনা ঘটে। হোমনা থানার ওসি আসলাম সিকদার জানান, চা খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সোমবার বিকেলে প্রতিবেশী সোলেমান মিয়ার সঙ্গে কাদেরের বাগিবতণ্ডা হয়। এর জের ধরে কাদিরকে হত্যা করেছে।
এদিকে সকালে পুলিশ পল্লি চিকিৎসক জহিরুল ইসলামের (৫৩) লাশ উপজেলার মনিপুর বিল থেকে উদ্ধার করে। এলাকাবাসী জানান, উপজেলার কাশিপুর বাজারের চেম্বার থেকে ফেরার পথে কেউ জহিরুলকে শ্বাসরোধে হত্যা করেছে বলে এলাকাবাসী ধারণা করছেন।
ফুলপুর (ময়মনসিংহ): জেলার তারাকান্দা উপজেলার কোদালিয়া গ্রামের মৃত দুলাল মিয়ার স্ত্রী সঞ্চিতা খাতুনকে (৩৫) সোমবার রাতে তাঁর জা নাজমা বেগম (৩৮) দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর নাজমা বেগম পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। নাজমা বেগম, নিহত সঞ্চিতা পুলিশ জানায়, পাঁচ বছর আগে সঞ্চিতার স্বামী দুলাল মিয়া এক ছেলে ও দুই মেয়ে রেখে মারা যান। স্বামী সুরুজ আলীর সঙ্গে সঞ্চিতার পরকীয়া গড়ে উঠেছে বলে সন্দেহ করেন নাজমা। সোমবার রাত আটটার দিকে তিনি কৌশলে বাড়ির বাইরে নিয়ে সঞ্চিতাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন।