চার জেলায় সড়ক দুর্ঘটনা, নিহত ৪
বাগেরহাটের মোরেলগঞ্জ, ফরিদপুর, মাদারীপুরের শিবচর ও বরগুনার আমতলীতে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন করে মোট চারজন নিহত হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:বাগেরহাট: শনিবার বিকেলে শরণখোলা-মোরেলগঞ্জ সড়কের নব্বইরশি বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ওই বাসের সহকারী রিয়াজুল ইসলাম (২৮) নিহত এবং অন্তত ৩০ জন যাত্রী আহত হয়। নিহত রিয়াজুল মোরেলগঞ্জ উপজেলার পূর্ব সরালিয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। আহত ব্যক্তিদের মধ্যে চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।ফরিদপুর: শনিবার বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লার শ্রীঅঙ্গন সেতুর কাছে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী চারজন আহত হন। এর মধ্যে শহরের পশ্চিম আলীপুর মহল্লার আবদুল জব্বার হোসেনকে (৩৬) ঢাকায় নেওয়ার পথে সাভার এলাকায় দুপুর দেড়টার দিকে তিনি মারা যান ।শিবচর (মাদারীপুর): গতকাল দুপুরে মাদারীপুর-শিবচর সড়কের বাওরকান্দি এলাকায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী আলমগীর মোড়ল (৪৩) আহত হন। ফরিদপুরে নেওয়ার পথে তিনি মারা যান। আলমগীর উপজেলার বাওরকান্দি গ্রামের আবুল হাসেম মোড়লের ছেলে। আমতলী (বরগুনা): আমতলী-কলাপাড়া সড়কে আমতলী হাসপাতালের সামনে গতকাল দুপুরে মোটরসাইকেলের চাপায় পথচারী চান মিয়া মাল (৬৫) ঘটনাস্থালেই নিহত হন। এ সময় আরোহী জাহিদুল (২৮) গুরুতর আহত হন। নিহত চান মিয়া মাল উপজেলার বালিয়াতলী গ্রামের মাছ ব্যবসায়ী।