চার জেলায় সড়ক দুর্ঘটনা কেড়ে নিল ১০ জনের প্রাণ
নারায়ণগঞ্জের ফতুল্লায় গতকাল রোববার কাভার্ড ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ড, বাগেরহাটের সদর, রামপাল ও গোপালগঞ্জের মুকসুদপুরে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় আরও ছয়জন নিহত হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:নারায়ণগঞ্জ: ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার শিবু মার্কেট এলাকায় গতকাল সকাল সাড়ে ১০টায় একটি মালবাহী কাভার্ড ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ চার যাত্রী নিহত ও একজন আহত হয়। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এঁরা হলেন আড়াইহাজার উপজেলার সম্ভপুরা এলাকার আবুল ফজলের ছেলে মাসুদ সালাউদ্দিন (৩৫) ও ঢাকার যাত্রাবাড়ীর ধনিয়া এলাকার মতিয়া মিয়ার ছেলে আবদুল জব্বার (৪০) ও চালক ফতুল্লার সস্তাপুর এলাকার আপেল (২৫)। এ সময় বিক্ষুব্ধ লোকজন একটি বাস ভাঙচুর করলে লিংক রোডে আধা ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লার পঞ্চবটী এলাকায় সকাল আটটায় একটি বাসের সঙ্গে যাত্রীবাহী একটি বেবিট্যাক্সির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বেবিট্যাক্সিটি অন্য একটি রিকশাকে নিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় বেবিট্যাক্সির পাঁচজন ও রিকশার তিন যাত্রী আহত হন। এঁরা হচ্ছেন—অপু (২৮), রাজু (২৯), নুরে আলম (২৭), মাঈনুউদ্দিন (৩০), জাহানারা (৫০), রনি (২৭), নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের ছাত্রী অনামিকা (২০), শহীদ (৪২) ও অজ্ঞাত (৩০)। এঁদের মধ্যে অনামিকার অবস্থা আশঙ্কাজনক। আহত ব্যক্তিদের শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যার নারায়ণগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।সীতাকুণ্ড (চট্টগ্রাম): উপজেলার টেরিয়াল বাজারের সামন্রেগতকাল যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক শরীয়তপুরের দামুরদা গ্রামের মো. আবদুল জলিল (৪৫) নিহত হন এবং সিরাজগঞ্জের ধানবান্দি গ্রামের বাসচালক মো. সোহেল (৪৮), সুপারভাইজার আবদুল হাইসহ (৩৫) পাঁচজন আহত হন। বাগেরহাট: মংলা-বাগেরহাট মহাসড়কের রামপাল উপজেলার ফয়লা এলাকায় গতকাল শ্যালো ইঞ্জিনচালিত যান নসিমন একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে নসিমনের যাত্রী ফকিরহাট উপজেলার মাসকাটা গ্রামের মুরগির ব্যবসায়ী আবদুর রউফ মোল্যা (২৫) এবং নসিমনের চালক সিরাজ ফকির (৫০) নিহত হন। বাগেরহাট-খুলনা সড়কের সদর উপজেলার বারাকপুর বাসস্ট্যান্ডের কাছে গতকাল একটি যাত্রীবাহী বাস পেছন থেকে দুটি বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে সাইকেল দুটির আরোহী সদর উপজেলার মগরা গ্রামের খবির মালঙ্গী (৪২) ও গিয়াস হাওলাদার (৪৪) নিহত হন। গোপালগঞ্জ: ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার ভাঙা সেতুর কাছে শনিবার মোটরসাইকেলের চাপায় আলম শফি (১৬) নামের এক কিশোর নিহত হয়। নিহত শফির বাড়ি মুকসুদপুর উপজেলার কদমপুর গ্রামে।