চার জেলায় সড়ক দুর্ঘটনায় তিন পুলিশসহ নিহত ৫
নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ, সাতক্ষীরা ও চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন পুলিশসহ পাঁচজন নিহত হয়েছেন। গত শনিবার রাতে ও গতকাল রোববার এসব দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা বিস্তারিত জানিয়েছেন।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ট্রাকের চাপায় রোকেয়া আক্তার (২৩) নামের এক নারী কনস্টেবল নিহত হয়েছেন। গতকাল সকাল আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দে এ ঘটনা ঘটে। রোকেয়া আক্তারের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়ায়। তিনি পুলিশ লাইনে রিজার্ভ ফোর্স কার্যালয়ে নিয়োজিত ছিলেন। পুলিশ চালকসহ ট্রাকটি আটক করেছে।
শনিবার রাত ১১টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের দক্ষিণ বাইপাস এলাকায় দায়িত্ব পালনকালে মো. নাছির উদ্দীন (৪৪) নামের এক ট্রাফিক উপপরিদর্শক নিহত হন। সীতাকুণ্ড থানার পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নাছির ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার তালতলা গ্রামের মৃত দানু মিয়ার ছেলে।
সিরাজগঞ্জের মুলিবাড়িতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে মুলিবাড়ি রেলক্রসিংয়ে গতকাল পুলিশের প্রিজন ভ্যান উল্টে এক পুলিশসহ নিহত হন দুজন। তাঁরা হলেন কনস্টেবল মনির হোসেন (৩২) ও পথচারী সূর্য্য মণ্ডল (৬৮)। এ ঘটনায় চালকসহ আহত হন চারজন। নিহত পুলিশ কনেস্টবলের বাড়ি ময়মনসিংহ এবং পথচারীর বাড়ি সদর উপজেলার মুলিবাড়ি গ্রামে।
সিরাজগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ফোরকান শিকদার জানান, জেলা জজ আদালতে একটি মামলায় হাজিরা দিতে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জিয়াউর রহমান শামীম ও আনোয়ার হোসেনকে নিয়ে একটি প্রিজন ভ্যান সকালে রওনা হয়। ভ্যানটি মুলিবাড়ি রেলক্রসিংয়ে এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এ সময় ভ্যানটির পেছনের দরজায় দায়িত্ব পালনরত কনস্টেবল মনির হোসেন পড়ে গিয়ে পিষ্ট হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ভ্যানের ধাক্কায় পথচারী সূর্য্য মণ্ডল গুরুতর আহত হলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান। এ ঘটনায় চালকসহ চার কনস্টেবল আহত হন।
এদিকে গতকাল বেলা সাড়ে তিনটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার শিকড়ী গ্রামে ভারতীয় গরুবাহী ট্রাকের চাপায় একটি শিশু নিহত হয়। শিশুটির নাম নাইম হাসান (৯)। সে দ্বিতীয় শ্রেণীতে পড়ত। নাইম শিকড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে। ট্রাকসহ চালককে গ্রেপ্তার করা হয়েছে।