চার জেলায় সড়ক দুর্ঘটনায় দম্পতিসহ নিহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের সদর উপজেলায় গতকাল রোববার পিকআপের সঙ্গে লেগুনার সংঘর্ষে এক দম্পতিসহ পাঁচজন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হন। বগুড়ার শিবগঞ্জ, ফরিদপুরের নগরকান্দা ও রাজবাড়ীর পাংশায় গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় আরও পাঁচজন নিহত হন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:শ্রীপুর (গাজীপুর): ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার কড্ডা সেতুর পশ্চিম পাশে গতকাল রোববার কাঁচামালভর্তি পিকআপের সঙ্গে একটি যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার যাত্রী নেত্রকোনার দুর্গাপুর উপজেলার খেরনখোলা গ্রামের রুহুল আমিন (৩৭), তাঁর স্ত্রী মঞ্জুরা বেগম (২৫), রংপুরের কাউনিয়া উপজেলার মাছহাড়ি গ্রামের মকবুল মিয়া (২৬), লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ইসলামনগর গ্রামের রাজু আহম্মেদ (২৫) ও লেগুনার চালক শামীম (২৪) নিহত হন। এ ছাড়া ওই সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। আহত ব্যক্তিদের মধ্যে রুহুল আমীনের ছেলে আলী হোসেন (৮) ও তানভীর (৫), গাজীপুর সদর উপজেলার চান্দনা চৌরাস্তা গ্রামের শহীদুল ইসলামের স্ত্রী নাছরিন (২৬), একই গ্রামের শহীদুল ইসলাম (৩০), হোতাপাড়া গ্রামের নূরুল হকের স্ত্রী লাইলী বেগম (২৪), সালনা এলাকার জুয়েল (২২) ও একই গ্রামের শান্ত (২৫) ও নূরুল ইসলামের মেয়ে ইয়াছমিন (২০), ভোগড়া গ্রামের রফিক (২২) ও একই গ্রামের জিয়াউর রহমান (২৫), কুড়িগ্রামের রৌমারী উপজেলার কাউনিয়ারচর গ্রামের আশরাফ (৩৩) এবং রাজারহাট উপজেলার জয়বে কাসুয়া গ্রামের সাইফুল (২৫) ও শফিকুল ইসলামকে (২৬) আশঙ্কাজনক অবস্থায় গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আলী হোসেন ও তানভীরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।শিবগঞ্জ (বগুড়া): বগুড়া-রংপুর মহাসড়কের শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড়ে করতোয়া নদীর ওপর সেতুর রেলিং ভেঙে শনিবার রাতে একটি যাত্রীবাহী বাস ২০ ফুট নিচে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসটির সুপারভাইজার আবুল কাশেম (৪৫) ও একটি ওষুধ কোম্পানি অপসোনিনের গাইবান্ধার আঞ্চলিক কর্মকর্তা নজরুল ইসলাম (৪০) ঘটনাস্থলেই নিহত হন। এ সময় মাত্র তিনজন যাত্রীসহ ছয়জন ছিলেন। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মোকাদ্দেম আলী জানান, ঘটনার পরই চালক পালিয়ে গেছেন। এখনো কোনো মামলা হয়নি।ফরিদপুর: ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার ভাবুকদিয়ায় গতকাল একটি ট্রাকের চাপায় মোটরসাইকেলের চালক শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সুমন ব্যাপারী (২৫) নিহত হন। গত শনিবার একই মহাসড়কের যদুরদিয়ায় পিকআপের চাপায় মোটরসাইকেলের চালক ইমরান হাওলাদার (২২) নিহত হন। তাঁর বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার উত্তরা গ্রামে।রাজবাড়ী: পাংশা উপজেলার পাট্রা বাজার এলাকায় গতকাল একটি মোটরসাইকেলের চাপায় স্থানীয় বাসিন্দা হোসেন আলী (৭০) নিহত হন। পুলিশ মোটরসাইকেলটি আটক করেছে।