চার জেলায় সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ, ফরিদপুরের বোয়ালমারী, যশোরের কেশবপুর ও মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ ছয়জন নিহত হয়েছেন৷ গত শনিবার ও গতকাল রোববার এসব দুর্ঘটনা ঘটে৷
আমাদের আঞ্চলিক কার্যালয় ও স্থানীয় প্রতিনিধিদের পাঠানো খবর:
গোয়ালন্দ (রাজবাড়ী): দৌলতদিয়া-খুলনা মহাসড়কে গোয়ালন্দ পৌরসভার সামনে শনিবার দিবাগত রাত সোয়া একটার দিকে ঢাকা থেকে খুলনাগামী দিগন্ত পরিবহন ও খুলনা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়৷ এতে দিগন্ত পরিবহনের চালক আবদুল হালিম (৩৫) ও অজ্ঞাত এক যাত্রী (৪৫) নিহত হন৷ এ সময় হানিফ পরিবহনের বাসটি ছিটকে পাশে খাদে পড়ে যায়৷ এতে অন্তত ২০ যাত্রী গুরুতর আহত হন৷
মাগুরা: মাগুরা-ফরিদপুর সড়কের রামনগর এলাকায় গতকাল সকালে সড়ক পারাপারের সময় মো. পারভেজ (৮) নামে এক শিশু মোটরসাইকেল চাপায় গুরুতর আহত হয়৷ ফরিদপুর হাসপাতালে নেওয়ার পর বিকেল সাড়ে তিনটার দিকে সে মারা যায়৷ বিকেল সাড়ে চারটার দিকে মাগুরা-যশোর সড়কের জাগলা বাজারের কাছে বালুবোঝাই ট্রাক উল্টে আবদুল হাকিম (৫০) নামে এক বালুশ্রমিক নিহত হন৷ এতে আমির হোসেন (৪৫) নামে আরেক শ্রমিক গুরুতর আহত হন৷
ফরিদপুর: বোয়ালমারী-মাঝকান্দি আঞ্চলিক সড়কের বোয়ালমারী ইউনিয়নের সোতাশী এলাকার মমিন মার্কেটের সামনে শনিবার সন্ধ্যায় ট্রাক্টর চাপায় সাইকেলচালক শংকর অধিকারী (২৬) মাথায় আঘাত পান৷ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন৷
কেশবপুর (যশোর): গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে মোটরসাইকেলচালক মিন্টু ত্রিমোহিনী থেকে তিনজন আরোহী নিয়ে কেশবপুর আসছিলেন৷ কেশবপুর শহরে আসার আগেই কেশবপুর পৌরসভার ভোগতী এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দেয়৷ এতে ঘটনাস্থলেই কুলসুম নামে আড়াই বছরের এক শিশু নিহত হয়৷ কুলসুমের ফুফু সালেহা (৩০) ও তাঁর ছেলে নয়ন (৩) গুরুতর আহত হন৷