চার জেলায় সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ, চট্টগ্রাম, কুমিল্লা ও ময়মনসিংহে গতকাল শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪৬ জন। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নগরবাড়ী-বগুড়া মহাসড়কের তালগাছী করতোয়া কলেজের সামনে গতকাল দুপুরে মাইক্রোবাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন। তাঁরা হলেন: উপজেলার টেটিয়ার কান্দা গ্রামের সামসুল প্রামাণিকের ছেলে শফিকুল ইসলাম (২১) ও আবুল কাশেমের ছেলে আবুল হোসেন (২০)।শাহজাদপুর থানার ওসি জসিম উদ্দিন সরকার জানান, মাইক্রোবাসটিকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।পটিয়া (চট্টগ্রাম): চট্টগ্রাম-কক্সবাজার-আরাকান মহাসড়কের পটিয়া কুসুমপুরা বোর্ড অফিস এলাকায় গতকাল সকাল সাড়ে আটটায় একটি যাত্রীবাহী বাস একটি সিএনজিচালিত অটোরিকশাকে (চট্টগ্রাম-থ-১১-১১৮৭) চাপা দিলে নৈতিক দেবনাথ (৩) নামের এক শিশু নিহত হয়। এ ঘটনায় চালকসহ অপর চার যাত্রী আহত হয়েছেন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দাউদকান্দি (কুমিল্লা): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার নাওতলা গ্রামের কাছে গতকাল সকাল সাতটার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশার যাত্রী সিলেটের জৈন্তাপুরের গৈরীসংকর গ্রামের শামছুন্নাহার (৩২)। এ ঘটনায় শামছুন্নাহারের দুই শিশুসন্তান এবং অটোরিকশাচালক গুরুতর আহত হন। তাদের চান্দিনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শামছুন্নাহারের লাশ পুলিশের হেফাজতে রয়েছে। গৌরীপুর (ময়মনসিংহ): নেত্রকোনার ঠাকুরাকোনার রেজভীয়া দরবার শরিফের ভক্তদের বহনকারী একটি বাস গতকাল বেলা ১১টার দিকে ময়মনসিংহের গৌরীপুর-শ্যামগঞ্জ সড়কের পৌরসভার জিরো পয়েন্টে পৌঁছালে সেটির চাকা ফেটে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় ৪০ যাত্রী আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে ১৬ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।