চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের মদনাহাটে মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে উল্টে যাওয়া মিনিবাসটি। ছবি: প্রথম আলো
সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের মদনাহাটে মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে উল্টে যাওয়া মিনিবাসটি। ছবি: প্রথম আলো

দিনাজপুর, ঠাকুরগাঁও, চট্টগ্রাম ও সিরাজগঞ্জে পাঁচটি পৃথক সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছে। এসব দুর্ঘটনার মধ্যে একটি ঘটেছে গতকাল মঙ্গলবার রাতে। বাকি চারটিই ঘটেছে আজ বুধবার।
দিনাজপুর প্রতিনিধি জানান, জেলার দশমাইল এলাকায় আজ একটি যাত্রীবাহী বাস উল্টে নারী, শিশুসহ চারজন নিহত হয়েছে। আহত হয়েছে ৩৩ জন।
বেলা পৌনে দুইটার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, এসকে পরিবহনের বাসটি ওই মহাসড়ক দিয়ে দিনাজপুর শহর থেকে নীলফামারীর সৈয়দপুর যাচ্ছিল। দশমাইলের পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বাসটি উল্টে যায়। এতে দুর্ঘটনাস্থলে দুজন মারা যান।
দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. আজহারুল ইসলাম জানান, দুর্ঘটনার ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে যান। হতাহত সবাইকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে গুরুতর আহত এক নারী ও শিশুর মৃত্যু হয়।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার সুমন কুণ্ডু বলেন, মৃত্যুর আগে ওই নারী (৪০) তাঁর নাম বেবি বলে জানিয়ে গেছেন। দুর্ঘটনায় হতাহত আর কারও পরিচয় জানা যায়নি বলে জানিয়েছেন দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম।
ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের বড় খোঁচাবাড়ি এলাকায় আজ দুপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।
ঠাকুরগাঁও থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাস দুপুর ১২টার দিকে বড় খোঁচাবাড়ী এলাকায় একটি দ্রুতগামী পিকআপ ভ্যানকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে পিকঅ্যাপ ভ্যানের যাত্রী দিনাজপুরের বীরগঞ্জের উপজেলার রমজান আলী (৬০) ও আব্দুল গফ্ফার (৬০) মারা যান। দুর্ঘটনায় গুরুতর আহত পিকআপ ভ্যানে থাকা রোজিনা আক্তারকে (২২) স্থানীয় লোকজন উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে রোজিনার মৃত্যু হয়।
নিহত রোজিনার স্বামী মো. জনি জানান, তাঁরা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পিকআপ ভ্যানে করে বীরগঞ্জ থেকে পঞ্চগড় যাচ্ছিলেন। এ বিষয়ে ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, জেলার উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় মো. আবু মুসা (৩৫) নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। আজ সকাল ছয়টার দিকে উল্লাপাড়া রেলস্টেশন বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ের সামনে বগুড়া-নগরবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কনস্টেবল আবু মুসা পাবনা জেলার সাঁথিয়া উপজেলার আফরা গ্রামের আকুল হোসেন প্রামাণিকের ছেলে। তিনি ছুটি থেকে কর্মস্থলে ফিরছিলেন। মুসা সিরাজগঞ্জ সদর থানার ওসির গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন।
উল্লাপাড়া থানার ওসি দেওয়ান কওশিক আহম্মেদ জানান, মুসা ঈদের ছুটি শেষে নিজ বাড়ি পাবনার সাঁথিয়া থেকে তাঁর কর্মস্থল সিরাজগঞ্জ সদর থানার উদ্দেশে মোটরসাইকেলে করে রওনা হন। সকাল ছয়টার দিকে উল্লাপাড়া রেলস্টেশন এলাকায় বগুড়া-নগরবাড়ী সড়কে পেছন থেকে একটি ট্রাক তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার পাশে রাখা একটি লরির সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উল্লাপাড়ার হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানায় একটি মামলা হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ওসি হেলাল উদ্দীন জানান, আজ বাদ জোহর সিরাজগঞ্জ পুলিশ লাইনে তাঁর জানাজা হয়। লাশ বাড়িতে পাঠানোর প্রস্তুতি চলছে।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, আজ সকাল সাড়ে ছয়টার দিকে মিনিবাস ও মালবাহী ট্রাকের সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও চার যাত্রী আহত হয়েছে। আহত লোকজনকে চট্টগ্রাম নগরের বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয় ব্যক্তিরা।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর মদনাহাট পুরাতন টেম্পোস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। চট্টগ্রামমুখী মিনিবাসটি মদনাহাট এলাকায় যাত্রী ওঠানামা করছিল। এ সময় মালবাহী একটি ট্রাক পেছন থেকে মিনিবাসটিকে ধাক্কা দিলে এটি উল্টে যায়। খাদে পড়ে যায় ট্রাকটি। এ ঘটনায় ঘটনাস্থলেই দুজন নিহত হন। নিহত যাত্রীরা হলেন পলিনা নংমিন (৩০) ও চালক সহকারী সমলাল চন্দ্র পাল (৪০)। পলিন নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বড় মনগড়ার বাসিন্দা। তিনি পরিবার নিয়ে সীতাকুণ্ডের কুমিরায় থাকতেন।
হাইওয়ে পুলিশ মিনিবাসটি উদ্ধার করেছে। এ ঘটনায় বারআউলিয়া হাইওয়ে থানায় একটি মামলা হয়েছে।
বারআউলিয়া হাইওয়ে থানার ওসি সালেহ আহম্মদ পাঠান প্রথম আলোকে বলেন, লাশ দুটি উদ্ধার করে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ মিনিবাসটি উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
চট্টগ্রাম থেকে নিজস্ব প্রতিবেদক জানান, নগরের দামপাড়া মোহাম্মদ আলী সড়কে একটি প্রাডো গাড়ির ধাক্কায় রিকশারোহী আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় একই বিশ্ববিদ্যালয়ের অপর এক শিক্ষার্থীসহ দুজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে ওই সড়কের এশিয়ান উইমেন ইউনিভার্সিটির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম জাহিন ফায়াজ হক (২১)। আহত তাঁর বন্ধু হলেন রায়হানুল ইসলাম (২১)। দুজনেই ওই বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী। এই ঘটনায় রিকশাচালক আবদুল হামিদও (৩৪) আহত হন। আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুই বন্ধু ঈদে রিকশা নিয়ে মোহাম্মদ আলী সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে একটি প্রাডো গাড়ি এসে ধাক্কা দেয়। এতে রিকশাচালকসহ তিনজনই আহত হন। গুরুতর আহত অবস্থায় তাঁদের চমেক হাসপাতালে নেওয়া হলে জাহিনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর দুজনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকেরা জানান।
নিহত জাহিন ফায়াজের বাড়ি চট্টগ্রামের বাকলিয়া থানাধীন রাহাত্তারপুল এলাকায়। তাঁর বাবার নাম জহিরুল ইসলাম। জাহিন ফায়াজের খালা শামীমা রহমান বাদী হয়ে এই ঘটনায় চকবাজার থানায় একটি মামলা করেছেন। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা বলেন, ‘এ ঘটনায় আমরা চালক আবদুর রহমানকে গাড়িটিসহ ঘটনাস্থল থেকে আটক করেছি। মামলায় তাঁকে আসামি করা হয়েছে।’

আরও পড়ুন: