চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১২
দেশের চার জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১২ জন। গতকাল বৃহস্পতিবার গভীর রাত ও আজ শুক্রবার সকালে এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ঢাকার ধামরাই উপজেলায় চারজন, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় তিনজন, সিরাজগঞ্জে তিনজন ও রংপুরে দুজন নিহত হয়েছেন।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ধামরাইতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪: ঢাকার ধামরাই উপজেলায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া একটার দিকে বাস ও ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছে। আহত কমপক্ষে ১৫ জন। ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন ওবায়দুল হক (৭০), শহীদুল ইসলাম (২১) ও শামসুর রহমান (৪৫)। নিহত নারীর পরিচয় জানা যায়নি। আহত ১৫ জন ধামরাইয়ের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদারের ভাষ্য, বাসটি ঢাকা থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিল। ধামরাইয়ের জয়পুরা এলাকায় ইটবোঝাই একটি ট্রাককে পাশ কাটানোর সময় সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় যাত্রীরা বাসের ভেতরে আটকা পড়ে। ফায়ার সার্ভিস, স্থানীয় লোকজন ও পুলিশ বাসের বিভিন্ন অংশ কেটে যাত্রীদের বের করে।
ফিরোজ তালুকদারের ভাষ্যমতে, বাসের বিভিন্ন অংশ কেটে বের করার সময় এক নারী ‘বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার করতে থাকেন। বের করতে করতেই তিনি মারা যান। ঘটনাস্থলে ওবায়দুল হক নামের আরও একজন নিহত হন। আহত অবস্থায় শহীদুল ও শামসুরকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে তাঁরা মারা যান।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
গাছের সঙ্গে গাড়ির ধাক্কা, নিহত ৩: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগর এলাকায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কে গাছের সঙ্গে একটি প্রাইভেট কারের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন শ্রীমঙ্গলের শাপলাবাগ এলাকার রাজু স্বর্ণকার (৩২), সবুজ স্বর্ণকার (৩০) ও অজ্ঞাতনামা গাড়িচালক। আহত ব্যক্তিরা মৌলভীবাজারের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন।
শ্রীমঙ্গল থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশের উপপরিদর্শক (এসআই) গিয়াসউদ্দিনের ভাষ্য, যাত্রীরা সিলেট থেকে শ্রীমঙ্গল যাচ্ছিলেন। সিরাজনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে দুর্ঘটনা ঘটে। রাজু ও সবুজ ঘটনাস্থলে মারা যান। হাসপাতালে নেওয়ার পথে গাড়িচালক মারা যান। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি।
সিরাজগঞ্জে মাইক্রোবাসের নিচে চাপা পড়ে নিহত ৩: সকাল নয়টার দিকে হাটিকুমরুল-বনপাড়া সড়কের হাটিকুমরুল গোলচত্বরে রাজশাহী থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-৫৩-২১১৯) নিচে চাপা পড়ে তিনজন নিহত হয়। আহত হয়েছেন আরও পাঁচজন। আহতদের মধ্যে দুজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও একজনকে বগুড়ায় পাঠানো হয়েছে।
নিহতেরা হলেন, কামারখন্দ উপজেলার সৈয়দগাঁতী গ্রামের আ. হামিদের মেয়ে রেহানা খাতুন (২৪), সলঙ্গা থানার বড় গোজা গ্রামের নবা ফকিরের মেয়ে চায়না খাতুন (২৬) ও রজব আলী (৫০)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হকের ভাষ্য, লাশ তিনটি তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
রংপুরে বাসের ধাক্কায় নিহত ২: সকাল সাড়ে নয়টার দিকে কাউনিয়া উপজেলায় কুড়িগ্রাম থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলের চালক ও একজন আরোহী নিহত হন। উপজেলার বিজলী ঘণ্টি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন বিজলী ঘণ্টি এলাকার আবদুল খালেক (৪৫) ও একই উপজেলার চালুভদ্র এলাকার মোমিনুল ইসলাম (৩৫)।
এ ঘটনার পর ক্ষুব্ধ জনতা রংপুর-কুড়িগ্রাম সড়ক অবরোধ করে রাখলে ওই সড়ক দিয়ে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, বাসটিকে আটক করা হয়েছে। চালক ও সহকারী পলাতক। লাশ দুটি তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।