চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় গতকাল শুক্রবার এক মাদ্রাসাশিক্ষক ও লালমনিরহাটের পাটগ্রামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। একই দিন সিরাজগঞ্জের রায়গঞ্জে এক ট্রাকচালক ও নীলফামারীর কিশোরগঞ্জে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজশাহী: দুপুর সাড়ে ১২টার দিকে নগরের নওদাপাড়া কারিয়ানা মাদ্রাসার শিক্ষক আবদুর রহমান (২৮) মোটরসাইকেলে করে রাজশাহীর মোহনপুর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত তিন দিনব্যাপী তাবলিগ ইজতেমায় যোগ দিতে যাচ্ছিলেন। রাজশাহী-নওগাঁ মহাসড়কের বিমানবন্দরের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর পড়ে যান। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
নগরের শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছায়েদুর রহমান ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পাটগ্রাম (লালমনিরহাট): সকাল ১০টার দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়নের খাতাপাড়া গ্রামের সাফিউল ইসলামের ছেলে রোকনুজ্জামান (৮) এবং তার মামা একটি বাইসাইকেল নিয়ে খালার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। উপজেলার উফারমারা এলাকায় একটি ট্রাক তাদের বাইসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় রোকনুজ্জামান ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। সে উফারমারা ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
থানার ওসি আমিরুজ্জামান জানান, ট্রাকের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ): সকাল সাতটার দিকে উপজেলার ঘুড়কা ইউনিয়নের রয়হাটি জোড়া সেতু এলাকায় বুড়িমারী থেকে নারায়ণগঞ্জগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ইটবোঝাই আরেকটি ট্রাক পেছন থেকে ওই দুটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইটবোঝাই ট্রাকের চালক ফারুক হোসেন (৩৫) নিহত হন। তিনি উপজেলার মোজাফ্ফরপুর গ্রামের বাসিন্দা।
হাটিকুমরুল হাইওয়ে থানার থানার ওসি ইমদাদুল হক জানান, মহাসড়ক থেকে ট্রাক তিনটি সরিয়ে রাখা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
নীলফামারী: সকাল ১০টার দিকে রিকশাভ্যানে করে কিশোরগঞ্জের রাজিব গ্রামে মেয়ের বাড়ি বেড়াতে যাচ্ছিলেন কাচুমাই (৭৫) নামের এক বৃদ্ধা। পথে যমুনেশ্বরী নদীর বাহাগিলী সেতুর ওপর একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে রিকশাভ্যানটি সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এতে কাচুমাই ছিটকে নদীতে পড়ে নিহত হন। তিনি বাহাগিলী ঘাটের পাড় গ্রামের মৃত বদর উদ্দীনের স্ত্রী।
থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।