চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪
জয়পুরহাটের ক্ষেতলাল, রাজবাড়ীর গোয়ালন্দ, ঝালকাঠির সদর ও গোপালগঞ্জের কাশিয়ানীতে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:জয়পুরহাট: ক্ষেতলালের হিমাদ্রি কোল্ড স্টোরেজের কাছে গতকাল মঙ্গলবার একটি যাত্রীবাহী বাস অন্য একটি ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানের যাত্রী গোলাম মোস্তফা (৩০) নিহত হন। রাজবাড়ী: গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রিজ এলাকায় গতকাল বাসের চাপায় হাসনা বেগম (৩৮) নামের এক নারী নিহত হন। তিনি সদর উপজেলার খানখানাপুর বাজার এলাকার সাম শেখের স্ত্রী।ঝালকাঠি: ঝালকাঠি-রাজাপুর সড়কের সদর উপজেলার বৈদারাপুর এলাকায় গতকাল একটি মোটরসাইকেলের চাপায় আবদুল হাই (৫৫) নামের এক ব্যক্তি নিহত হন। তাঁর বাড়ি বৈদারাপুর গ্রামে।গোপালগঞ্জ: কাশিয়ানী উপজেলার মাইজকান্দি-কালনা সড়কের বুদপাশা এলাকায় গত সোমবার একটি ট্রাক অন্য একটি মোটরসাইকেল চাপা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী শামছু শেখ (৪০) নিহত হন।